সিটিনিউজবিডি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাংসদ সাফিয়া খাতুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২১ ও ৪১ বাস্তবায়নে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে সু-সন্তানের জননী হতে হবে। প্রযুক্তি ও জ্ঞানচর্চার আলোকে আমাদের সন্তানদের সমৃদ্ধ করতে পারলে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্ন পূরণ হবে। তিনি গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের চশমা হিলস্থ বাসভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি আরও বলেন, মাঠে ময়দানে বক্তৃতা নয়, আমাদেরকে প্রতিটি ঘরের আঙিনায় গিয়ে মা-বোনদের বুঝাতে হবে শেখ হাসিনা নারী প্রগতির দ্বার উম্মোচন করেছেন। তিনি নারী সমাজকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদেরকে আদর মমতায় বাস্তবতা মুখোমুখি করতে হবে এবং ভোগবাদিতার আত্মকেন্দ্রিক অন্ধকার থেকে মুক্ত করতে হবে। মনে রাখতে হবে নারী গণজাগরণের প্রধান শক্তি। বেগম রোকেয়া থেকে শুরু করে ফজিলাতুন্নেসা মুজিব অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে পুরুষকে বিপ্লব ও দ্রোহের প্রেরণা ঝুঁগিয়েছেন।
বিশেষ অতিথির ভাষণে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোকসানা শিরীন বলেন, বাংলাদেশের নারী সমাজ এখনও অন্ধ বিবরে আটকে আছেন। তাদের সরলতাকে পুঁজি করে ধর্মান্ধতার জালে বন্দী করা হচ্ছে। শিক্ষিত নারীরাও কিভাবে জঙ্গী হয়ে উঠে তা আমাদের কাছে অকল্পনীয়। নারীরা অবশ্যই ধর্মীয় অনুশীলনের প্রতি দুর্বল। এই দুর্বলতাকে জঙ্গীবাদীরা তাদের অপকর্মের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমাদের মনে রাখতে হবে মহান মুক্তিযুদ্ধে নারী সমাজের বিশাল অবদান ছিল। তবে ইতিহাসের পাতায় এই অবদানকে সঠিক অর্থে তুলে ধরা হয়নি।
সভানেত্রীর বক্তব্যে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেছেন, আমরা মাঠে ময়দানের সড়ক রাজনীতিক নই। সংসারের মধ্যেই আমাদের সীমাবদ্ধতা। এই সংসারে আমাদের সন্তানদের এমনভাবে লালন করতে হবে তারা যেন বিপথগামী না হয় এবং সত্য, সুন্দর ও সুধর্মের পথে নিবেদিত হয়ে সমাজকে আলোকিত করতে পারে।
তিনি চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের প্রতি আদর মমতা দিয়ে সৎপথে পরিচালিত করুন এবং তারা যেন বিপদগামী না হয় সে প্রচেষ্টা অব্যাহত রেখে শেখ হাসিনার রূপকল্প ২১, ৪১ বাস্তবায়নে অগ্রবর্তী ভূমিকা পালন করুন।
নারী নেত্রী আঞ্জুমান আরা চৌধুরী আনজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য সাবিহা নাহার মুসা এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবা জামান শেলী, সুরাইয়া বেগম ইভা, নাদিরা জাব্বার কণা, সাবেক সংসদ সদস্য হাসিনা মান্নান, চেমন আরা তৈয়ব, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের দিলুয়ারা ইউসুফ, মমতাজ খান, কাউন্সিলর আফরোজা কালাম, নীলু নাগ, জেসমিন পারভিন জেসি, আবিদা আজাদ, নারী নেত্রী হোসনে আরা বেগম, মালেকা চৌধুরী, শাহেদা সিদ্দিকী, মালেকা বেগম, লুবনা হারুন, কল্পনা লালা, অনিমা কালাম, হাসিনা আকতার, রহমতুন্নেসা, আয়েশা আক্তার, শারমিন ফারুক, কামরুন নাহার বেবী, লুৎফুন নাহার অনু, ফাতেমা আক্তার, রওশন আরা আমিন, আয়েশা আলম প্রমুখ।
এ বিভাগের আরও খবর
