সিটিনিউজবিডি : প্রশাসনের অনুমতি ছাড়া ওরস, মেলা ও অন্যান্য অনুষ্ঠানের দায় নেবে না বলে জানিয়েছে চট্টগ্রাম পুলিশ।
রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় একথা জানান চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা।
শীতকালে চট্টগ্রামের অনেক স্থানে গ্রামে ওরস, মেলাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে।
এজন্য অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকদের তালিকা দিয়ে ইউএনও এবং ওসিদের কাছ থেকে অনুমতি নিতে আয়োজকদের আহ্বান জানান পুলিশ সুপার মিনা।
তিনি বলেন, এসব অনুষ্ঠানে কমিটি নিয়ে নিজেদের মধ্যে বিরোধসহ নানা কারণে স্যাবোটাজ পরে দায়-দায়িত্ব আসে ইউএনও এবং থানার ওসিদের উপর।
অনুমোদন ছাড়া অন্য কোনো অনুষ্ঠানের দায়-দায়িত্ব আমরা নেব না।
এবিষয়ে দৃষ্টি রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও অনুরোধ করেন জেলা পুলিশ সুপার।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মতো সাম্প্রদায়িক হামলার মতো ঘটনা যাতে চট্টগ্রামে না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান নুরে আলম মিনা।
জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে এই বৈঠকে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউএনওরা উপস্থিত ছিলেন।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতে সবাই সতর্ক থাকার পরামর্শ দেন জেলা প্রশাসক আরেফিন।
বিদ্বেষমূলক কিছু ফেসবুকে দেখা গেলে তা ব্লক করতে উদ্যোগ নেওয়ার পাশাপাশি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
আগামী ১৯ নভেম্বর চট্টগ্রাম বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ভিডিও কনফারেন্স করবেন বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি বলেন, ১৯ নভেম্বর সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ভিডিও কনফারেন্স চলবে।
চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠে জনসাধারণের উপস্থিতিতে এ ভিডিও কনফারেন্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।
জেলা প্রশাসক সামসুল আরেফিন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও জনগণের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন।
