সিটিনিউজবিডি : ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় বখাটে ওবায়েদুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসাইন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেন বলে প্রসিকিউশন পুলিশের জেষ্ঠ্য সহকারী কমিশনার মিরাসউদ্দিন জানান।
তিনি বলেন, অভিযোগপত্রে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। পুলিশের এই প্রতিবেদন আমলে নেওয়া হবে কি না, সে বিষয়ে ২৭ নভেম্বর সিদ্ধান্ত দেবেন মহানগর হাকিম সত্যব্রত শিকদার।
ঢাকার উইলস লিটল ফ্লাওয়ারের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা (১৪) গত ২৪ অগাস্ট স্কুলের সামনের ফুটওভারব্রিজে বখাটে ওবায়দুলের ছুরিকাঘাতে আহত হয়। তিনদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ওই ঘটনায় রিশার মা তানিয়া বেগম রমনা থানায় মামলা করেন। এলিফ্যান্ট রোডের বিপণি বিতান ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সের কর্মী ওবায়েদুলকে তাতে আসামি করা হয়।
ঘটার দুইদিন পর ৩১ আগস্ট নীলফামারীর সোনারায় বাজার থেকে গ্রেপ্তার হন ওবায়েদুল। হত্যার দায় স্বীকার করে গত ৫ সেপ্টেম্বর তিনি আদালতে জবানবন্দিও দেন।
