সিটিনিউজবিডি : আগামী ২৪ নভেম্বর বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী আয়কর সপ্তাহ পালন হবে। করদাতাদের আয়কর বিষয়ে প্রয়োজনীয় সেবা দিতে প্রথমবারের মত আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন। এর পর রিটার্ন জমা দিতে হলে করদাতাদের জরিমানা গুনতে হবে। এ কারণে সপ্তাহব্যাপী উৎসবের আমেজ তৈরি করে আয়কর রিটার্ন জমা দেয়ার ক্ষেত্রে করদাতাদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান।
ইত্তেফাককে তিনি বলেন, করদাতারা যাতে আয়কর মেলার মত একই ছাদের নিচে আয়করের সব সেবা পেয়ে উৎসবমুখর পরিবেশে কর দিতে পারেন, সপ্তাহব্যাপী কর অফিসগুলোতে সেই ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই করদাতারা যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আয়কর রিটার্ন দাখিল করতে পারেন।
এনবিআর সূত্র জানিয়েছে, সারাদেশে ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠ পর্যায়ের ৬৪৯টি সার্কেল অফিসে আয়কর সপ্তাহ পালন করা হবে। কর মেলার মতো একই ছাদের নিচে সব ধরণের কর সেবা পাবেন করদাতারা। কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় সেবাও মিলবে। করদাতারা নির্ধারিত সার্কেলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনলেই কর সংক্রান্ত সব সেবা পাবেন।
