আইভী-সাখাওয়াতের মনোনয়ন বৈধ

0

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীদের বাছাই পর্বে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ মোট ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। দু’দিনব্যাপী বাছাইয়ের দ্বিতীয় দিন রোববার সকাল ১১টার দিকে নির্বাচন কর্মকর্তারা এ ঘোষণা দেন।

বাকি ৬ জন বৈধ মেয়র প্রার্থী হলেন- ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, জাসদের মোসলেম উদ্দিন, এলডিপির কামাল প্রধান, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস এবং জাতীয় পার্টির মেজবাহ উদ্দিন ভুলু। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুলতান মাহমুদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

এদিন নির্বাচন কর্মকর্তারা নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, রোববার মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই হয়েছে। একইদিন ১৯ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের মনোনয়নপত্রও যাচাই-বাছাই করা হবে।

তিনি জানান, যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। নাসিক নির্বাচনে এর আগে মেয়র প্রার্থী হিসেবে ৯ জন, সংরক্ষিত (নারী) কাউন্সিলর পদে ৩৮ এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৫ জন মনোনয়নপত্র জমা দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.