হাঙ্গেরির উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী

0

ঢাকা : তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রথমবারের মতো হাঙ্গেরির উদ্দেশ্যে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের সফরে হাঙ্গেরির প্রেসিডেন্ট ড. জানোস এডারের আমন্ত্রণে পানি সম্মেলনে অংশ নিতে দেশটির রাজধানী বুদাপেস্টের সফরে যাচ্ছেন তিনি। রোববার সকাল ৯টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হক, চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, আইজিপি এবং সংশ্লিষ্ট বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী দু’দিনের বুদাপেস্ট ওয়াটার সামিট (বিডাব্লিউএস-২০১৬)-এর বিভিন্ন অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন এবং প্রেসিডেন্ট জানোস এডার’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সোমবার এই পানি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করবেন এবং হাঙ্গেরির প্রেসিডেন্ট ও অন্য সম্মানীয় অতিথিদের সঙ্গে একটি সাসটেইনেবল ওয়াটার সল্যুশন এক্সপো পরিদর্শন করবেন। পর দিন তিনি শীর্ষ সম্মেলনের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে ওয়ার্কিং মধ্যাহ্নভোজে শরিক হবেন।

শেখ হাসিনা সোমবার বিকেলে হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সান্দর প্রেসিডেন্সিয়াল প্রাসাদে বৈঠক করবেন। তিনি মঙ্গলবার বুদাপেস্টে ‘হিরোস স্কয়ার’ পরিদর্শন করবেন এবং ফুল দিয়ে হাঙ্গেরি প্রতিষ্ঠায় জাতীয় বীর ও নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রী বুধবার সকালে দেশের উদ্দেশে বুদাপেস্ট ত্যাগ করবেন এবং বেলা সাড়ে ১১টায় ঢাকা পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.