দিয়াজের মৃতদেহ তুলে ফের ময়না-তদন্তের অনুমতি

0

সিটিনিউজবিডি : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চবি ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুৃরীর মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়না-তদন্তের অনুমতি দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এ আদেশ দেন। দিয়াজের মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়না-তদন্তের অনুমতি চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি চট্টগ্রামের এএসপি অহিদুর রহমান।

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা এসএসপি অহিদুর রহমান বলেন, আদালত দিয়াজের মৃতদেহ উত্তোলন করে ময়না তদন্তের অনুমতি দিয়েছেন। ২০ নভেম্বর রাতে হাটহাজারী থানাধীন চবি উত্তর গেটের ফজলুল হক ভবনের (২ নম্বর গেট) দোতলায় দিয়াজ ইরফান চৌধুরীর শয়নকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত দিয়াজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দিয়াজের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনে প্রচুর গড়মিল থাকায় এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়। ২৩ নভেম্বর ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজ আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়। ওই ময়না তদন্ত রিপোর্টের সাথে সুরতহাল রিপোর্টের মিল না থাকায় দিয়াজের পরিবার ময়নাতদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করে। ২৪ নভেম্বর দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী একই আদালতে চবি’র এক শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগ চবি শাখার সভাপতি মো. আলমগীর টিপু, সাবেক সাধারণ সম্পাদক জামশেদুল আলম চৌধুরী, ছাত্রলীগ চবি শাখার আপ্যায়ন সম্পাদক মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের ছাত্র রাশেদুল আলম জিসান, মার্কেটিং বিভাগের ছাত্র আবু তোরাব পরশ, অর্থনীতি বিভাগের মো. মনছুর আলম, সমাজ বিজ্ঞান বিভাগের আবদুল মালেক, সাংবাদিকতা বিভাগের ছাত্র আরিফুল হক অপু ও বাংলা বিভাগের ছাত্র মো. আরমান। আদালতের নির্দেশে মামলাটি সিআইডি তদন্ত করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.