অনলাইন ডেস্ক : ভারতে জাতীয় সঙ্গীত ‘অবমাননা’ করায় দেশদ্রোহিতার অভিযোগে রোববার কেরালার এক লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে জাতীয় সঙ্গীত নিয়ে অবমাননাকর লেখা পোস্ট করেছিলেন মালায়লম লেখক কমল সি চাভারা।
গত ৩০ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট সিনেমা হলে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানোর নির্দেশ দেয়। এসময় উঠে দাঁড়াতে হবে সিনেমা হলের সব দর্শককে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ না মানায় সম্প্রতি কিছু দর্শককে মারধর করে সিনেমা হল থেকে বের করে দেয়ার মতো ঘটনাও ঘটেছে। কেরালা ফিল্ম ফেস্টিভ্যালেও এ রকম একটি ঘটনায় ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।
মালায়লম লেখক কমল সি চাভারা সেই ঘটনার প্রসঙ্গ টেনেই ফেসবুকে জাতীয় সঙ্গীত নিয়ে লিখেছিলেন, ‘কেরালার একটি স্কুলের ৪৪ জন ছাত্রের নাম ৪৪টি শুকিয়ে যাওয়া নদীর নামে নামকরণ করা হয়েছিল। ওই স্কুলের শিক্ষকরা কখনওই ছাত্রদের অনুরোধ শুনতেন না। এমনকী প্রস্রাব করতে যাওয়ার অনুমতি চাইলেও তা গ্রাহ্য করতেন না। প্রতিদিন বিকাল ৪টার সময় জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য এই ছাত্রদের লাইনে দাঁড় করানো হত। এ ক্ষেত্রে আমি অবাধ্য ছাত্র হতেই পছন্দ করব, কেন না আমার কাছে ‘জন গণ’এর থেকে প্রস্রাব অনেক বেশি গুরুত্বপূর্ণ।’সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করে। বিজেপির যুব মোর্চা চাভারার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনে।
পুলিশ জানিয়েছে, জাতীয় সঙ্গীত নিয়ে নিজের বইতে আগেও অবমাননাকর মন্তব্য লেখায় চাভারার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল।
কোলামের পুলিশ সুপার সতীশ বিনো জানিয়েছেন, চাভারাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছে জানতে চাওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত নিয়ে কেন এই বিতর্কিত পোস্টটি তিনি লিখেছেন।
