নির্বাচনে ব্যালট পেপার নেওয়ার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য
সিটিনিউজবিডি : ভোট জালিয়াতি ঠেকাতে পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ব্যালট পেপার নেওয়ার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার।
২০১৮ সালের কাউন্সিল নির্বাচনে ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় এ নতুন নিয়মে ভোট হবে। পরীক্ষামূলক এ পদ্ধতি সফল হলে ২০২০ সালের সাধারণ নির্বাচনও তা চালু করা হবে বলে যুক্তরাজ্যের মিনিস্টার ফর দ্য কন্সটিটিউশন ক্রিস স্কিডমোর জানান।
মঙ্গলবার তিনি বলেন, “যে কোনো পর্যায়ে ভোট জালিয়াতি সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। প্রত্যেকের মত প্রকাশ ও গণতন্ত্রে অংশগ্রহণের অধিকারকে সুরক্ষা দিতেই নতুন এ নিয়ম চালু করা হচ্ছে।”
যুক্তরাজ্যের বর্তমান নিয়ম অনুযায়ী, ভোটাররা কেন্দ্রে গিয়ে নাম-ঠিকানা বলেই ব্যালট পেপার নিতে পারেন। কিন্তু এ প্রক্রিয়ায় অনেকেই অন্যের ব্যালট নিয়ে জাল ভোট দেন বলে সাম্প্রতিক সময়ে দেশটির নির্বাচন কমিশন অভিযোগ পেয়েছে।
