সিটিনিউজ ডেস্ক : চট্টগ্রামে ১৮ ও ১৯ জানুয়ারী পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন । মঙ্গলবার ১০ জানুয়ারী বিকাল ৩টায় ফেডারেশনের বি.আর.টি.সি মার্কেটের কার্যালয়ে ফেডারেশনের এক সভা অনুষ্ঠিত হয় ।
সভায় “চট্টগ্রামে বাস, ট্রাক ও প্রাইমোভার ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদার শাহ্ আমানত সেতু চত্বরে মিনিবাস টার্মিনাল ও অপেক্ষমান ট্রাকের পার্কিং স্পট নির্মাণ, অটো রিক্সা, অটো টেম্পোর জন্য পার্কিং স্পট নির্ধারণ, অবিলম্বে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করতঃ কল্যাণ তহবিলের টাকা প্রাপ্তি নিশ্চিতকরণ, পুলিশী হয়রানী, নির্যাতন বন্ধ, ফেরী পারাপারে টোল ট্যাক্স কমানো, অবিলম্বে আন রেজিষ্ট্রার্ড অটো রিক্সা (সিএনজি)’র রেজিষ্ট্রেশন প্রদান ও মালিকের জমা ৬০০ টাকা নির্ধারণ করা, ভূয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, শ্রমিক নেতা নুরুল ইসলাম অপহরণ মামলার অবিলম্বে চার্জশিট প্রদান, আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, শহর এলাকায় বাস, মিনিবাস, হিউম্যান হলার চলাচলে টার্গেট সিস্টেম বাতিল, যানজট নিরসন ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বি.আর.টি.এ’র দূর্নীতি ও হয়রানী বন্ধ, ওজন স্কেলে জরিমানার নামে চাঁদাবাজি বন্ধ সহ ৯ দফা দাবীতে আগামী ১৮ জানুয়ারী’১৭ইং ভোর ৬ টা থেকে ২০ জানুয়ারী’১৭ইং ভোর ৬ টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামের ৫টি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি) ৪৮ ঘন্টা সড়ক পরিবহন শ্রমিক ধর্মঘট সফল করার আহবান জানায় ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো: মুছা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মঘট সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি হাজী রুহুল আমিন, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ, আন্দোলন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির, বোরহানুল হক, হারুনুর রশিদ, আবদুল গফুর, মো: ইয়াছিন,আবুল কাশেম, নুরুল হক পুতু, মো: সোলাইমান, আবদুর রহিম প্রমুখ সড়ক পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
