নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে পৃথক তিনটি অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বসতঘর, কলকারখানা এবং প্রায় ২৫টি দোকানপাট পুড়ে গেছে। ২৪ (জানুয়ারী)মঙ্গলবার ভোর রাতে এসব অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, নগরীর বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাট এলাকায় বৈদ্যুতিক গোলযোগে একটি মশার কয়েল ও একটি মিনারেল ওয়াটার কারখানায় আগুন লাগে। এতে কারখানা দুটির প্রায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে লামারবাজার ও নন্দনকানন স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, ডবলমুরিং থানার আগ্রাবাদ হাজীপাড়া কলোনিতে আগুনে ২৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ারসার্ভিসের আটটি গাড়ি প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।
অন্যদিকে, সকাল সাতটার দিকে পাহাড়তলী অলংকার শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ তলায় একটি ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় আট লাখ টাকার ইলেকট্রনিক্স পণ্যসামগ্রী পুড়ে গেছে। আগ্রাবাদ ও বন্দর স্টেশনের চারটি গাড়ি একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
