বিনোদন : জিডির পর এবার বান্টি মীর নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করলেন মেহের আফরোজ শাওন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় রোববার ধানমণ্ডি থানায় এ মামলা করেন তিনি। এর আগে গত শুক্রবার একই থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে জিডি করেছিলেন শাওন।
যুক্তরাষ্ট্র প্রবাসী বান্টি মীরের বিরুদ্ধে ফেইসবুক লাইভে অশালীন মন্তব্য ও জীবননাশের হুমকির প্রেক্ষিতে প্রথমে জিডি পরে আইসিটি অ্যাক্টে মামলা করেন এ অভিনেত্রী-পরিচালক। যেখানে আগের অভিযোগের সঙ্গে যোগ করা হয়েছে অনলাইনে হয়রানির বিষয়টি।
শাওন বলেন, বান্টি মীরকে আমি চিনি না। তিনি গত কয়েক দিন ধরে ফেইসবুকে আমার ও আমার পরিবার সম্পর্কে অশালীন বক্তব্য ছড়িয়েছেন। এমনকি আমার প্রাণনাশের হুমকিও দিয়েছেন। এ কারণেই মামলাটা করেছি।
গণমাধ্যম থেকে জানা যায়, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিকে কেন্দ্র করে শাওনের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ফেইসবুকে আক্রমণাত্মক বক্তব্য ছড়াচ্ছিলেন বান্টি মীর। পরে তিনি ফেইসবুক থেকে লাইভ ভিডিও সরিয়ে নিয়েছেন এবং মাফ চেয়েছেন।- অনলাইন ডেস্ক।
