সিটিনিউজ ডেস্ক::সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ট্রাম্পের ফোনে আড়িপাতার অভিযোগ নাকচ করে দিয়েছেন এফবিআই প্রধান জেমস ক্যামি।
উল্লেখ্য, গত শনিবার কয়েকটি টুইট বার্তায় নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অভিযোগ করেন। যদিও তিনি অভিযোগের পক্ষে এখনো কোন প্রমাণ দেখাতে পারেননি। টুইট বার্তায় ট্রাম্প বলেন, নির্বাচনকালীন সময়ে ওবামা প্রশাসনের নির্দেশে আমার ফোনে আড়িপাতা হয়েছিল।
নিউ ইয়র্ক টাইমস ও এনবিসি নিউজের সূত্রে জানা যায়, মার্কিন গোয়ান্দা সংস্থা এফবিআই এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন বিবৃতি দেয়নি।
মার্কিন এক গণমাধ্যমে এফবিআই পরিচালক ক্যামির বরাত দিয়ে বলা হয়, তিনি বিশ্বাস করেন এই অভিযোগের পক্ষে ট্রাম্প কোন প্রমাণ দিতে পারবেন না।
হোয়াইট হাউজ কর্তৃপক্ষ কংগ্রেসকে ফোনে আড়িপাতার ঘটনা তদন্তের নির্দেশ দেয়ার পরই এফবিআইয়ের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো।
তবে মার্কিন কিছু গণমাধ্যমে খবর বেরিয়েছে যে, নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প শিবিরের কিছু সদস্যের সঙ্গে রুশ কর্মকর্তাদের গোপন যোগাযোগ নজরদারি করতে এফবিআই আদালতের অনুমতি চেয়েছিল। সেই অনুরোধ প্রথমে প্রত্যাখ্যান করলেও অক্টোবরে এফবিআইকে সেই অনুমতি দেয়া হয়। তবে সংশ্লিষ্ট আদালত বা এফবিআই এই ধরণের অনুমতির কথা নিশ্চিত করেনি।
এদিকে ডেমোক্রেট দলে সমর্থকদের অভিযোগ, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসাজশের কেলেঙ্কারি থেকে নজর ঘোরাতেই ওবামার বিরুদ্ধে মনগড়া এই অভিযোগ করছেন। গত বছরে ট্রাম্প টাওয়ারে ফোনে আড়িপাতার পক্ষে নতুন প্রেসিডেন্ট কোন প্রমাণই হাজির করতে পারবেন না বলে বিশ্বাস ডেমোক্রেট সমর্থকদের।
