বিনোদন : সবাই তাকে ডাকে ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ কিন্তু নিজেকে ‘প্যাশনেট’ ভাবতেই পছন্দ করেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। আজ মঙ্গলবার (১৪ মার্চ) এ অভিনেতার জন্মদিন। এবার ৫২-তে পা রাখলেন তিনি। ১৯৬৫ সালের ১৪ মার্চ মুম্বাইতে জন্মগ্রহণ করেন এ তারকা।
দীর্ঘ ক্যারিয়ারে আমির নিজেকে অভিনেতা হিসেবে অন্যরকম এক উচ্চতায় নিয়ে গেছেন। তাকে বলিউডের সর্বকালের ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে ধরা হয়। বিশেষ করে ২০০০ সালের পরের সময় থেকে ভিন্ন ভিন্ন চরিত্রে ও রূপে আমিরকে আবিষ্কার করতে পেরেছেন দর্শক। আমির মানেই হলো দর্শকপ্রিয়তা ও বক্স অফিসে ধুন্দুমার অবস্থা।
সর্বশেষ আমিরের ‘দঙ্গল’ ছবিটি বলিউডের ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে ফেলে। এদিকে আমিরকে এরইমধ্যে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে অনেক তারকাই ৫২ বছর বয়সের ক্লাবে স্বাগতম জানিয়েছেন।
ভক্ত-অনুরাগী-দর্শকদের শুভেচ্ছার বন্যায় জন্মদিনের সপ্তাহখানেক আগে থেকেই ভাসছেন আমির। তবে বরাবরের মতো এবারও জন্মদিন নিয়ে আমিরের কোনো বিশেষ ভাবনা নেই। জন্মদিনের যা যা পরিকল্পনা সব করেছেন তার স্ত্রী কিরণ রাও।
