সেনিটেশন অ্যান্ড ড্রেনেজ মাস্টার প্ল্যান’র দ্রুত চূড়ান্ত করার আহ্বান
সিটিনিউজবিডি ডেস্ক : ‘চট্টগ্রাম শহরের সেনিটেশন অ্যান্ড ড্রেনেজ মাস্টার প্ল্যান’র দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শনিবার(১এপ্রিল) দুপুরে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খসড়া মাস্টার প্ল্যান নিয়ে চট্টগ্রাম ওয়াসা এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে মেয়র বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর শহর রেখে যেতে হলে আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে। তাই যত দ্রুত সম্ভব নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করতে হবে।
১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের করা মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মন্তব্যের পরিপ্রিক্ষিতে মেয়র বলেন, আমাদের চেষ্টা করে যেতেই হবে। আগে হয়নি বলে এখন হাত-পা গুটিয়ে বসে থাকলে হবে না। তাই নতুন মাস্টার প্ল্যান যত দ্রুত বাস্তবায়ন করা যায় ততই মঙ্গল।
সিডিএর করা মাস্টার প্ল্যানে কোন সংস্থা তা বাস্তবায়ন করবে সেটি উল্লেখ না থাকায় ২০ বছরেও সেটি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। কাজ করতে গেলে সমস্যা থাকবে। সমস্যার মধ্য দিয়েই কাজ করে যেতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌলশ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল আলম বলেন, নতুন মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে নগরী জলাবদ্ধতামুক্ত হবে।
অপরিকল্পিতভাবে নগরী গড়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বয় না করে কাজ করলে কোন উপকার পাওয়া যাবে না। অন্যদিকে নতুন মাস্টার প্ল্যান যদি অন্য মাস্টার প্ল্যানের সঙ্গে সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে বাস্তবায়ন করতে সমস্যা হবে।
নতুন মাস্টার প্ল্যান চূড়ান্ত করার আগে সিডিএ, সিটি করপোরেশন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডসহ সংশ্লিষ্ট সকল সংস্থার মতামত নেওয়ার সুপারিশ করেন তিনি।
জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বসহকারে না দেখলে চট্টগ্রাম নগরীর বসবাসের অনুপযোগী হয়ে যাবে মনে করছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক হযরত আলী।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ জানান, স্যুয়ারেজ সিস্টেম বাস্তবায়ন করতে চট্টগ্রাম ওয়াসা। ড্রেনেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি করপোরেশন।
কর্মশালায় খসড়া মাস্টার প্ল্যানের উপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন পরামর্শক দলের দলনেতা জন চার্লটন। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক নুরুল আবছার। উন্মুক্ত আলোচনায় অংশ নেন পোর্ট সিটি ইউনিভার্সির উপাচার্য নুরুল আনোয়ার, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম, প্রকৌশলী সুভাষ বড়ুয়া প্রমুখ।
