সিটিনিউজবিডি : দক্ষিণ আফ্রিকার করা ২৪৮ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৭৯। ৬ উইকেট হাতে রেখে ৬৯ রানে পিছিয়ে রয়েছে টাইগাররা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অতীতে ব্যাটিংয়ে কখনো লিড নিতে পারেনি বাংলাদেশ। বোলিংয়ে একবার ২২ রানের লিড পেয়েছিল। এবার ব্যাটিংয়ে লিড নেওয়ার স্বপ্ন বাংলাদেশের। তবে শুধু লিড নয়, দক্ষিণ আফ্রিকার বিশ্বসেরা বোলিং লাইনআপের বিপক্ষে প্রথম ইনিংসে স্কোরবোর্ডে চার শতাধিক রানের প্রত্যাশা করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ডানহাতি মিডল অর্ডারের বাংলাদেশি এই ব্যাটসম্যান বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রান তুলে ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি করেন। যা প্রোটিয়াদের বিপক্ষে তার সর্বোচ্চ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘চারশ’ বা তার বেশি রান করতে পারি, তাহলে আমাদের জন্যে অনেক ভালো হবে। ওদেরকে চাপে রাখতে পারব। তৃতীয় দিনে এটাই আমাদের লক্ষ্য।’
মাহমুদউল্লাহর বিশ্বাস চার শতাধিক রান করা বাংলাদেশের পক্ষে সম্ভব। এজন্য যে শক্তি ও সামর্থ্য প্রয়োজন, তা আছে বাংলাদেশের। তৃতীয় দিন স্কোরবোর্ড সমৃদ্ধ করতে মুশফিক ও সাকিবের জুটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন। এক প্রশ্নের জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব-মুশফিক এখনো ক্রিজে আছে। তাদের থেকে লম্বা জুটি প্রয়োজন। প্রথম সেশনে উইকেট না হারালে, আমাদের রান অনেক বড় হবে। তাহলে আমরা টেস্টে চড়াও হয়ে চালকের আসনে বসতে পারব।’
