আজীবন সম্মাননা পাচ্ছেন শেখ সাদী খান

0

বিনোদন : দেশের সংগীতাঙ্গনে কয়জন গুণী মানুষের মধ্যে অন্যতম সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান। তাকে বাংলাদেশের সংগীতের জাদুকর বলে অভিহিত করা হয়। অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।

সংগীতে কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এর বাইরেও অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। সংগীত সাধনাতেই গুণী এই মানুষটি পার করেছেন জীবনের ৫৭টি বছর। এ সব কিছু মিলিয়ে নিভৃতচারী এই সংগীত পরিচালককে ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি।

আগামী ২৩ মে মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এম. ইব্রাহিম পাটোয়ারী বলেন, ‘সোসাইটির বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য গুণীজনদের ‘হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড’ দেয়া হবে। এ বছর সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খানকে আজীবন সম্মাননা দেয়া হবে। তার মতো গুণী মানুষকে সম্মান জানানোর সুযোগ পেয়ে আমরা গর্বিত।’

প্রসঙ্গত, ১৯৬৫ সালে রেডিও পাকিস্তানে কর্মজীবন শুরু করে পরবর্তীতে ১৯৬৮ সালে শেখ সাদী খান যোগ দেন তৎকালীন পাকিস্তান টেলিভিশনে। তবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় যুক্ত হন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের সঙ্গে। বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বেতারে সংগীত পরিচালক হিসেবে যোগ দেন তিনি। শেখ সাদী খান সত্তরের দশকে সংগীত পরিচালক খন্দকার নুরুল আলমের সহকারী হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন।

চলচ্চিত্রের প্রথম সংগীত পরিচালনা করার সুযোগ পান ১৯৮০ সালে। চলচ্চিত্রটির নাম ছিল আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘এখনই সময়’। প্রথম চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক হিসেবে বাচসাস পুরস্কার পান তিনি।

তার জনপ্রিয় কিছু গানের মধ্যে অন্যতম- ডাকে পাখি খোলো আঁখি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, আমার এ দুটি চোখ পাথর তো নয়, জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, কাল সারা রাত ছিল স্বপ্নের রাত, আমি চিরকাল প্রেমেরও কাঙ্গাল, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, তোমার চন্দনা মরে গেছে প্রভৃতি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.