বয়লার বিস্ফোরণ মামলার আসামি মিরসরাইয়ের নিহত ৩ শ্রমিক
মিরসরাই প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেডের ডাইং সেকশনে বয়লার বিস্ফোরণে নিহত ৩ জনের বাড়ি মিরসরাইয়ে। সোমবার (৩ জুলাই) বয়লার বিস্ফোরণে অন্যদের সাথে তারাও মারা যায়। নিহতরা হলো উপজেলার জোরারগঞ্জ থানার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের পূর্ব বামনসুন্দর গ্রামের মকসুদ আহম্মদের ছেলে আব্দুস সালাম (৪৮), একই ইউনিয়নের পূর্ব কাটাছরা গ্রামের আবদুল্লাহ মুন্সী বাড়ির লুৎফুল হকের ছেলে মনসুরুল হক (৪০), ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের নুরুল মোস্তফা চৌধুরীর ছেলে আশরাফ উদ্দিন চৌধুরী প্রকাশ আরশাদ (৩৭)।
ইতিমধ্যে নিহত ৩ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানার এসআই উজ্জ্বল হোসেন জানান, মঙ্গলবার রাতে চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুর রশীদ মামলাটি দায়ের করেন। এতে আসামিদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। মামলায় মিরসরাইয়ের বাসিন্দাও কারখানার বয়লার অপারেটর আব্দুস সালাম (৪৮), শ্রমিক মনসুরুল হক (৪০) ও আশরাফ উদ্দিন চৌধুরী প্রকাশ আরশাদের (৩৭) নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও আট-দশজনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৪ জুন বয়লারটির মেয়াদ শেষ হওয়ায় নবায়নের জন্য আবেদন করেছে কর্তৃপক্ষ। কিন্তু কারখানা ছুটি থাকা অবস্থায় অপারেটর আব্দুস সালামও মনসুরুল হকরা তা চালুর চেষ্টা করেন। গত ২৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত কারখানাটি নয় দিনের ছুটি ছিল উল্লেখ করে মামলার বিবরণে বলা হয়, ৪ জুলাই খোলার কথা থাকলেও তার আগের দিন ডাইং সেকশনের অধিকাংশ শ্রমিক কর্মস্থলে যোগ দেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় শ্রমিকরা বয়লার ঠিক আছে কিনা তা দেখার জন্য কর্তৃপক্ষকে না জানিয়ে চালু করেন বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়।
বিবরণে বলা হয়েছে, বয়লার চালুর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়ে ভবনের একাংশ ধসে পড়ে ও মেশিনপত্র দুমড়ে-মুচড়ে যায়। এতে ১৩ জন নিহত এবং ৪০ জন আহত হন।নিহতদের আসামির তালিকায় রাখার বিষয়ে জানতে চাইলে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “তারা দোষী কিংবা দায়ী কি না, তা তদন্ত করে দেখা হবে। দোষী না হলে অভিযোগপত্রে তাদের নাম বাদ দেওয়া হবে। আর কেউ মারা গেলে এমনিতেও বিচারের পর্যায়ে তাদের নাম বাদ দেওয়া হয়।”
এই ঘটনায় জেলা প্রশাসনও ফায়ার সার্ভিসের পক্ষে পৃথক তদন্ত কমিটি গঠিত হয়েছে। উভয় কমিটি মঙ্গলবার সকালে কাজ তদন্ত শুরু করেছে।
এদিকে, গাজীপুরের নয়াপাড়া মাল্টিফ্যাবস লিমিটেডের ডাইং সেকশনে মিরসরাইয়ের নিহত ৩ জন বয়লার অপারেটরকে আসামী করে মামলা করায় স্বপ্রনোদিত হয়ে হাইকোর্টে মালিকের বিরুদ্ধে আইনী লড়াই চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছেন সিনিয়র আইনজীবি মিরসরাইয়ের বাসিন্দা, সাবেক সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশনের এসিসটেন্ট সেক্রেটারী এডভোকেট সাইফুর রহমান। নিহতদের পক্ষে ক্ষতিপূরণের দাবীতে হাইকোর্টে রিট দাখিলের প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন করেছেন বলে জানান এডভোকেট সাইফুর রহমান।
উল্লেখ্য, গত সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেডের ডাইং সেকশনে বয়লার বিস্ফোরিত হলে চারতলা ভবনের একপাশের দোতলা পর্যন্ত ধসে পড়ে। এই ঘটনায় সর্বশেষ অন্তত ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও প্রায় অর্ধশত শ্রমিক-পথচারী।
