সোহেল রানাঃ তৃতীয়বারের মত চট্টগ্রাম জেলগেট থেকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির ও সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আ.ন.ম. শামসুল ইসলামকে গ্রেফতার করে জেলে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ এক বিবৃতিতে বলেন, শামসুল ইসলামকে দীর্ঘ এক বছর তিন মাস ধরে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে যে সব মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল সে সব মামলায় তিনি জামিন লাভ করেছেন। তারপরও ৬ আগস্ট জেলখানা থেকে বের হওয়ার সময় জেলগেট থেকে তাকে আবার গ্রেফতার করা হয়।
তিনি বার বার জামিন লাভ করা সত্ত্বেও তাকে মুক্তি না দিয়ে অন্যায়ভাবে জেলগেট থেকে গ্রেফতার করে জেলে পাঠিয়ে তার প্রতি চরমভাবে জুলুম করা হচ্ছে। এভাবে জেলগেট থেকে তাকে বারবার গ্রেফতার করে সরকার তার ফ্যাসিবাদী চরিত্রেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে এবং আইন ও আদালতের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছে। তিনি শামসুল ইসলামের মুক্তি দাবি করেন।
