নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ওয়াটার এইড বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গা নগরীর লালদিঘী দক্ষিন পূর্ব পাড়ে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক শৌচাগার নির্মিত হচ্ছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আধুনিক এই শৌচাগারের নির্মাণ কাজ মুনাজাতের মাধ্যমে উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে লালদিঘীর পূর্ব পাড়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ৩২নং ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী।
এতে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, সহকারী এস্টেট অফিসার এটলাস উদ্দিন, বাগান কর্মকর্তা হোসেন আলী চৌধুরী জয়, ডিএসকে এর প্রজেক্ট ম্যানেজার মো. খতিবুর রহমান, নির্মাণ কোম্পানী লিং ইন লি: এর প্রজেক্ট ম্যানেজার নাজিব আহম্মদ রাজিব, ডিএসকে এর এডভোকেসী অফিসার আরফাতুল জান্নাত, সহকারী প্রকল্প প্রকৌশলী মাজিদুল আহাদ সহ সংশ্লিষ্ট কর্মকতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধক ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নগরীতে ৪১টি গণশৌচাগার বিদ্যমান আছে। তবে আধুনিক দৃষ্টিনন্দন গণশৌচাগারের সংখ্যা সীমিত।
ডিএসকে ও ওয়াটার এইড নাগরিক চাহিদা অনুযায়ী সিটি কর্পোরেশনের জায়গায় ২টি গণশৌচাগার নির্মাণের দায়িত্ব গ্রহণ করায় তিনি তাদের সাধুবাদ জানান।
অন্যান্য এনজিও প্রতিষ্ঠানগুলো সিটি কর্পোরেশনের পাশে এসে দাড়ালে নগরবাসী উপকৃত হবে। উল্লেখ্য যে, অনুরূপ আরেকটি গণশৌচাগার ডিএসকে নির্মাণ করবে।
