সিটিনিউজ ডেস্ক :: শাকিব খান সম্প্রতি তাঁর স্বাক্ষর করা তালাকানামা অপু বিশ্বাসকে পাঠিয়েছেন। তবে বিচ্ছেদের কাগজ অপু বিশ্বাস এখনো হাতে পাননি বলে জানিয়েছেন।
গতকাল সোমবার (৪ ডিসেম্বর) শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে তখন অপু বিশ্বাস অনেক গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তাঁর বাসার সামনেও ভিড় করেছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সাংবাদিকদের প্রসঙ্গে অপু বিশ্বাস আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।
অপু বিশ্বাস লিখেছেন, ‘প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা ২০০৫ সাল থেকে আজ অবধি আমার পাশে ছিলেন, আমার ভালো সময়/খারাপ সময়ে আপনাদের পাশে পেয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি।’
অপু আরো বলেন, ‘সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা আমাকে পাচ্ছেন না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিন, আমি ব্যাপারগুলো পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই আপনাদের সাথে যোগাযোগ করব।‘
বক্তব্য ছাড়া খবর প্রকাশ না করতে অনুরোধ করেছেন অপু। তিনি বলেন,‘যারা আমার বক্তব্য না নিয়ে নিউজ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, প্লিজ আমাকে একটু সময় দিন, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরব। ধন্যবাদ সবাইকে।’

এদিকে, হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ‘নোলক’ নামের একটি ছবির শুটিংয়ে এখন ব্যস্ত আছেন শাকিব খান। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ছবির শুটিং। এরপর শাকিবের দেশে ফেরার কথা রয়েছে।
শাকিব খান বলেন, ‘ডিভোর্স লেটার পাঠিয়েছি। তবে সেটি আজ পৌঁছেছে কি না, তা জানি না। আইনজীবীর সঙ্গে আমার এ বিষয়ে আজ কোনো কথা হয়নি। দুদিন ধরেই বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।’
উল্লেখ্য, গত ২৮ নভেম্বর আইনজীবীর মাধ্যমে তিনি এই নোটিশ পাঠান। সোমবার সেটি হাতে পেয়েছেন অপু বিশ্বাস। শাকিব খানের আইনজীবী সিরাজুল ইসলাম বলেছেন, অপু বিশ্বাসকে ডিভোর্সের দুটি কারণ দেখিয়েছেন শাকিব খান।
এর মধ্যে গুরুতর কারণ হিসেবে উল্লেখ করেছেন, অপু বিশ্বাস নাকি তার কথিত বয়ফ্রেন্ডের সঙ্গে ভারতে বেড়াতে গেছেন। এই সময়ে ছেলে জয়কে বাসার কাজের লোকের কাছে রেখে গেছেন।
প্রেমের পর দীর্ঘ আট বছর শাকিব-অপু নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন। এ সময়ে অন্য কারও সঙ্গে অপু বিশ্বাসের প্রেম-সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
হঠাৎ করেই শাকিব খানের মাধ্যমে জানা গেল, অপু বিশ্বাস প্রেম করছেন। আর তার সঙ্গেই ভারত ঘুরতে গিয়েছিলেন। কিন্তু, প্রশ্ন উঠেছে কে অপু বিশ্বাসের বয়ফ্রেন্ড? অবশ্য শাকিব খান তার ডিভোর্স লেটারে কারও নাম উল্লেখ করেননি।
শাকিব খান এখন ছবির শুটিংয়ের জন্য দেশের বাইরে রয়েছেন। অপু বিশ্বাস নিকেতনের বাসায় রয়েছেন। তবে তারা কেউই এ বিষয়ে মুখ খুলছেন না।
সোমবার বিকেল থেকেই গণমাধ্যমকর্মীরা ভিড় করছেন অপুর বাসার সামনে। কিন্তু, তিনি কারও সঙ্গে কোনো কথা বলেননি।
