সিটি নিউজ ডেস্কঃঃ বিএনপির সিনিয়র দশ নেতা চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন।
আজ বুধবার (৭ মার্চ ) বেলা পৌনে ৩ টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কারাগার ফটকে পৌঁছান তারা।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, লে.জে.(অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
খালেদা জিয়ার সাথে দেখা করে এসে দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো আছে। সরকারের কোনো ধরনের উস্কানিতে পা না দিতে নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মির্জা ফখরুল বলেন, নেত্রী সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের নির্দেশ দিয়েছেন। সরকারে কোনো উস্কানিতে পা না দিতে বলেছেন। মির্জা ফখরুল সাংবাদিকদের আরও বলেন, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্য তিনি আমাদের জানিয়েছেন, তিনি অটুট আছেন। তার শরীর ভালো আছে। দেশ ও গণতন্ত্রের জন্য তিনি যে কোনও ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
গত মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ বুধবার জেলখানায় বিএনপির জ্যেষ্ঠ ১০ নেতা দেখা করার অনুমতি পেয়েছেন।
