সিটিনিউজ ডেস্ক:: নগরীর ওয়াসার মোড় ও নিউ মার্কেট এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এসব ঘটনা ঘটে।
জানা যায়, রাত পৌনে তিনটার দিকে নিউমার্কেট মোড়ে দ্রুতগামী একটি গাড়ির চাপায় কবির হোসেন (২১) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কবির হোসেন নোয়াখালীর চর জব্বার এলাকার চর সানাউল্লাহর মফিজুর রহমানের পুত্র।
অন্যদিকে রাত সোয়া নয়টার দিকে খুলশী থানাধীন ওয়াসার মোড়ে একটি দোতলা বাস চাপা দেয় মো. রিফাত (৩৫) কে। গুরুতর আহত রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. রিফাত সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট সড়কের (১০৪ নম্বর বাড়ি) শাহাদাত হোসেনের পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার কবির হোসেন ও মো. রিফাতের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
