বিনোদন জগৎ, সিটি নিউজ :: আর কদিন পরেই সোনম কাপুরের বিয়ে। এখন পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। মেয়ের বিয়েতে আয়োজনের কমতি রাখছেন না অনিল কাপুর। বিয়েতে ছোট করে নাচের অনুষ্ঠানও রেখেছে কাপুর পরিবার। আর সেটির জন্য নেয়া হয়েছে জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খানকে।
ফারাহর কোরিওগ্রাফিতে বিয়ের অনুষ্ঠানে নাচবেন সোনমের চাচাত বোন জাহ্নবী কাপুর। মা প্রয়াত শ্রীদেবীর জনপ্রিয় সব গানের তালে নাচবেন বনি কাপুর কন্যা। এছাড়াও সোনমের চাচাত ভাই অর্জুন কাপুর, বন্ধু অভিনেতা রণবীর সিং ও নির্মাতা করন জোহরও নাচবেন সোনমের বিয়েতে।
৭ ও ৮ মে সোনমের মেহেদি, সংগীত ও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। এর মধ্যে মেহেদি অনুষ্ঠান হবে মুম্বাইয়ের বান্দ্রায়। নাচের অনুষ্ঠান হবে লীলা হোটেলে। আর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বান্দ্রায় অবস্থিত সোনমের খালার বাড়িতে।
প্রসঙ্গত, দিল্লির ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করছেন সোনম।
