চকরিয়া প্রতিনিধি, সিটি নিউজ :: কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে যাওয়া হলো না ৭ বছরের শিশু সাকিবের। এর আগেই ঘাতক মিনি ট্রাক কেড়ে নিল তার প্রাণ।
আজ শনিবার (১২ মে) সকালে মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলাধীন ফূলছড়ি দরগা ব্রীজ এলাকায়। নিহত সাকিব উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গ্রামের মো. মানিকের ছেলে।
পরিবার সূত্র জানায় সাকিব এদিন ভোর বেলা ঘুম থেকে উঠেই বায়না ধরেছিল নানা বাড়ি বেড়াতে যাবার। বাবা-মা একটু পর যেতে বললে শুরু করে কান্নাকাটি। একপর্যায়ে কান্না থামাতে সাকিবকে বেড়াতে যাবার অনুমতি দেন তার বাবা মানিক।
সাকিব নানা বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে মহাসড়ক পার হওয়ার সময় ফুলছড়ি দরগাহ ব্রিজ এলাকায় দ্রুতগামীর একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খিস্ট্রিয়াল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২ টা দিকে তার মৃত্যু হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বাংলানিউজকে জানান, ঘাতক মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
