অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলে অবদান রাখতে চান কাকা

0

স্পোর্টস ডেস্ক : সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিকার্ডো কাকা’র। এক সময়ের বিশ্বসেরা খেলোয়াড় দীর্ঘদিন ধরে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। দীর্ঘ দুই বছরের অধিক সময় ধরে ব্রাজিল জাতীয় দলে ঠিকমতো জায়গা পাচ্ছেন না এই সুদর্শন মিডফিল্ডার। মাঝে মাঝে দলে জায়গা পেলেও স্থায়ী হতে পারছেন না তিনি।

তবে এবার আর হারিয়ে যেতে চান না ৩৩ বছর বয়সী সাবেক এই রিয়াল তারকা। সেলেসাও দলে থিতু হতে চান তিনি। সোমবার এমনটা জানিয়েছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

আগামী মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য কোচ কার্লোস দুঙ্গা ঘোষিত ২৩ সদস্যের দলে বিস্ময়করভাবে জায়গা করে নেন ওরল্যান্ড সিটির তারকা রিকার্ডো কাকা। সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড় মেজর সকার লিগে দারুণ খেলে চলেছেন। ব্রাজিল দলের হয়ে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি দলে থিতু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

২০০৭ সালের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রিকার্ডো কাকা বলেন, ‘আমি মনে করি, আমি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলে অবদান রাখতে পারবো। বিশেষ করে আমার দৃষ্টিভঙ্গি দ্বারা। জাতীয় দলে প্রত্যাবর্তন করাটা অনেক স্পেশাল ব্যাপার। আমি জানি না দুঙ্গার পরিকল্পনা কী। তবে আমি যদি কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ম্যাচ দুটিতে সুযোগ পাই তবে আমি প্রমাণ করে দেখাবো যে, বিশ্বকাপ বাছাইপর্বে খেলার যোগ্যতা আমি রাখি।’

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিকার্ডো কাকা জাতীয় দলের হয়ে ৮৯টি ম্যাচ খেলে ২৯ গোল করেন। ২০০৯ সালে কার্লোস দুঙ্গার অধীনে থাকা ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কনফেডারেশ কাপ জিতিয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর চার বছর আগেও একই টুর্নামেন্টের শিরোপা জেতেন তিনি। সেবার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোলও করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা।

প্রসঙ্গত, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগামী ৫ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে। এরপর ৮ তারিখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.