স্পোর্টস ডেস্ক : গরমে হাঁস-ফাঁস হতে থাকা জনজীবনে স্বস্তি নামিয়ে এনেছে ভাদ্র মাসের হঠাৎ বৃষ্টি। সোমবার সকাল থেকেই বৃষ্টির আনাগোনা ছিল মিরপুরের আকাশে। এলিট ক্যাম্পের ক্রিকেটাররা আগের সিডিউল মেনেই অনুশীলন করেছেন যথারীতি। ভিল্লাভারায়ানের কাছে এ দিন বিপ টেস্ট দিয়েছেন ক্রিকেটাররা; টেস্টে সবচেয়ে ভাল স্কোর পেসার আল আমিন হোসেনের।
অনুশীলন শেষে বৃষ্টিতে ভিজেছেন মাশারফি-সৌম্যরা, মেতেছেন শিশু সুলভ দুষ্টুমিতে; যেন শৈশবে ফিরে গিয়েছেন তারা। ক্রিকেটারদের ফুটবল ম্যাচের বিরতিতে হঠাৎ করেই আকাশ ভেঙে ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভিজে শৈশব মার্কা দুষ্টুমির নেতৃত্বে সেই মাশরাফিই। বৃষ্টির কারণে মিরপুরের সেন্টার উইকেট ত্রিপলে ঢাকা। সেই ত্রিপলের উপর ক্রিকেটারদের ওমন গড়াগড়ি উপস্থিত মিডিয়াকর্মীদেরও বিনোদিত করেছে।
মাশরাফির নেতৃত্বে সৌম্য, মুস্তাফিজ, আল আমিন, শফিউল ইসলাম ও নাসির ত্রিপলের উপর মনের আনন্দে গড়াগড়ি খেয়েছেন। নির্দিষ্ট একটি জোন থেকে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছেন তারা। কেউই বিন্দুমাত্র ইনজুরি নিয়ে ভাবেননি। ছোট্টবেলায় যেমন কোনো ভয় কাজ করে না, সেভাবেই সোমবারের দিনটি লাফ-ঝাঁপে কাটিয়েছেন তারা।
এর আগে অবশ্য সাকিব-মাশরাফিরা দুই দলে ভাগ হয়ে ফুটবল নিয়ে মেতেছেন। ক্রিকেটার হলেও ফুটবলে তাদের স্কিল কোনো অংশেই কম নয়। প্রত্যেকেই আবার ক্রিকেটের বাইরে ফুটবলেরও ভীষণ ভক্ত।
কোচ মারিও ভিল্লাভারায়নের অধীনে গত ২২ আগস্ট থেকে মিরপুরে চলছে কন্ডিশনিং ক্যাম্প। আর এ ফিটনেস ক্যাম্পে নিয়মিতই ক্রিকেটাররা অংশ নিচ্ছেন ফুটবল ম্যাচে। বৃষ্টি হলে ফুটবল খেলার আগ্রহটাও বেড়ে যায় ক্রিকেটারদের। নির্মল বিনোদনের সঙ্গে ফিটনেস নিয়েও কাজ সেরে নিচ্ছেন তারা।
