আন্তর্জাতিক ডেস্ক : বন্দীকে নিয়ে শপিং করার ঘটনায় চাকরি হারিয়েছেন ভারতের ছয় পুলিশ সদস্য। দিল্লির সশস্ত্র পুলিশ বাহিনীর ষষ্ঠ ব্যাটালিয়নের এএসআই অশ্বিনী, হেড কনস্টেবল রাজেশ এবং কনস্টেবল সঞ্জয়, কৃষাণ, যোগিন্দর ও অপর একজনকে গত মঙ্গলবার চাকরিচ্যুত করা হয়।
দিল্লির বিভিন্ন জেল থেকে বন্দীদের আদালত, রাজধানীর বাইরে ও হাসপাতালে নেওয়ার দায়িত্বে ছিলেন ওই পুলিশ সদস্যরা। গত ২৭ আগস্ট তিহার জেল থেকে গ্যাংস্টার মনোজ বক্করওয়ালাকে আগ্রার একটি আদালতে শুনানির জন্য নিয়ে যান তারা। শুনানির পরই মনোজকে নিয়ে তাদের দিল্লি ফেরার কথা ছিল। কিন্তু দিল্লির উদ্দেশে রওনায়া হওয়ার আগে মনোজ জুতো কিনতে দোকানে যাওয়ার আবদার করে। তার এই আবদার মেনে পুলিশ সদস্যরা তাকে দোকানে নিয়ে যান।
একটি শপিং অর্কেডে পুলিশ সদস্যদের সঙ্গে জুতো কিনছিল মনোজ। এ সময় শপিং অর্কেডের মালিক বিষয়টি তার এক বন্ধুকে জানান। ওই বন্ধু সংবাদমাধ্যমে কাজ করেন।
পুরো ঘটনাই ভিডিও ধারণ করে রাখেন সংবাদমাধ্যমের ওই কর্মী। ঘটনা প্রকাশ্যে আসার পরপরই ওই ছয় পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এবার তাদের চাকরিচ্যুতির ঘটনা ঘটল।
