রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে ২ পরিবারের ১০ জন নিহত

0

সিটি নিউজ, রাঙ্গামাটিঃ ভারি বর্ষণে রাঙ্গামাটির নানিয়ারচর বুড়িঘাট এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে মা-ছেলেসহ ১০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তার মধ্যে দেড় মাস বয়সী একটি ছেলেও রয়েছে।

নানিয়ারচর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয় রাতে ভারি বর্ষণে মাটি চাপায় বুড়িঘাট ইউনিয়নে মা-ছেলেসহ চারজন ও ধর্মচরণ ইউনিয়নে একই পরিবারের চারজন ও হাতিমারা ইউনিয়নে দুইজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- উপজেলার ৩নং বুড়িঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩), তার ছেলে আয়ুব দেওয়ান (দেড় মাস), ফুলদেবী চাকমা (৫৫) ও ইতি দেওয়ান (১৯), ধর্মচরণ ইউনিয়নের রমেল চাকমা (১৪), সুরেন্দ্র চাকমা (৫৫), রাজ্যদেবী চাকমা (৫০) ও সোনালী চাকমা (১৩)।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করলেও এতে ঠিক কতজন নিহত হয়েছেন তা নিশ্চিত করতে পারেননি।

রাঙ্গামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক না থাকায় প্রশাসনের লোকজন ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারেননি। তাই পাহাড় ধসে ঠিক কতজন নিহত ও নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.