সিটি নিউজঃ চট্টগ্রামের অবিসংবদিত নেতা, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নানের আজ ( ১২ জুন ) ৪৪তম মৃত্যুবার্ষিকী । তিনিই প্রথম ১৯৭১ সালের ২৬শে মার্চ দুপুরে কালুরঘাটের স্বাধীন বাংলা বিপ্লবী বেতারের অস্থায়ী সম্প্রচার কেন্দ্র থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণার পাঠ করেছিলেন।
তিনি ছিলেন অবিভক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি। এমএ হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকাল নয়টায় স্টেশন রোডের মরহুমের চৈতন্যগলির কবরস্থানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মোনাজাত ও দোয়া মাহফিল শেষে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
১৯৭১ সালে এমএ হান্নান চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৪ সালের ১২ জুন কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অথচ তার নামে এই চট্টগ্রামে কিছুই নেই। আওয়ামীলীগ সরকার চট্টগ্রাম বিমান বন্দর তাঁর নামে করেছিলেন।
কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেই পরিবর্তন করে ফেলেন। এদিকে তার সুযোগ্য পুত্র সৈয়দ মো. মাহফুজ জানান, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আপার কাছে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনুরোধ জানাব যদি সম্ভব হয় তবে কর্ণফুলীর তলদেশে যে টানেল নির্মাণ করা হচ্ছে সেটি এম এ হান্নানের নামে করা হোক।
