শিক্ষাঙ্গণ ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ ও বিচারের দাবিতে ৪ ঘণ্টার প্রতীকী অনশন পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। সকাল ৯টায় শুরু হওয়া ভিসি ভবনের সামনে এই অনশন দুপুর ১টা পর্যন্ত পালন করবেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষক নেতা অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, ‘আমাদের একটাই দাবি ভাইস চ্যান্সেলরের অপসারণ। ভিসি অপসারিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে কোনোভাবেই সরব না। পরবর্তীতে তার বিচার করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি সরকার ভিসিকে আজকের মধ্যে সরিয়ে নিবে। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব।’
গত ৩০ আগস্ট আন্দোলনকারী শিক্ষকদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওই দিনের হামলার মূল হোতার পাশাপাশি যারা জড়িত তাদের সবার বিচার দাবি করছি।’ একই সাথে বিচার বিভাগীয় তদন্তের দাবিও করেন তিনি।
দপ্তর প্রধানদের কর্মবিরতি:
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরিত পালন করেছে ফোরামটি। ফোরামের আহ্বায়ক আ ন ম জয়নাল আবেদীন এ তথ্য জানান। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করেন।
