সিটিনিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসের (সিএমএস) পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, ওবামা কেয়ারের সঙ্গে আমেরিকানদের যু্ক্তকারী সংগঠনগুলোর জন্য অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আগামী নভেম্বরে শুরু হওয়া অর্থবছরে সংগঠনগুলো এক কোটি মার্কিন ডলার পাবে।
গত বছর এই সহায়তার পরিমাণ ছিল ৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। গত বছর গরীবদের জন্য স্বাস্থ্য বীমার বিজ্ঞাপনের খরচ বাদ দেওয়া হয়। ওই খরচসহ আগের বছর বরাদ্দ ছিল ৬ কোটি ২৫ লাখ ডলার। ওবামা কেয়ারকে দুর্বল করার জন্য বহুমুখী প্রকল্পটিকে সংকুচিত করার চেষ্টা হিসাবেই এই বরাদ্দ কমাচ্ছে ট্রাম্প প্রশাসন।
সিএমএস-এর এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ মানুষকে তথ্য দেওয়ার প্রক্রিয়া নিয়ে ভাবতে সংগঠনগুলোকে উদ্বুদ্ধ করবে। এসব মানুষ অ্যাসোসিয়েশন স্বাস্থ্য পরিকল্পনা, স্বল্পমেয়াদি ও সীমিত সময়ের বিমাসহ ওবামা কেয়ারের আওতা সম্পর্কে সম্ভবত সচেতন নয়।
শনিবার ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ওবামা কেয়ারের আওতায় এক হাজার ৪০ কোটি ডলারের একটি কর্মসূচি বাতিল করা হবে। অতিঝুঁকিতে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য নিশ্চিত করতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। স্বাস্থ্য বীমাকারীরা সতর্ক করে বলেছেন, এই পদক্ষেপের কারণে বীমার খরচ বাড়ার পাশাপাশি বাজারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।
গত বছর রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও কংগ্রেসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কার স্বাস্থ্য নীতি বাতিল করে নতুন স্বাস্থ্য নীতি অনুমোদন করতে পারেনি ট্রাম্প প্রশাসন। এরপর থেকে তারা বিভিন্নভাবে এসিএ-কে ব্যহত করার জন্য ক্ষমতাকে ব্যবহার করছে। এসিএর মাধ্যমে প্রায় ২ কোটি মার্কিনিকে স্বাস্থ্য বীমার আওতায় আনা সম্ভব হয়েছে।
ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময়ই ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসলে তিনি ‘ওবামা কেয়ার’ বাতিল করবেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ওবামা কেয়ার বাতিলের প্রক্রিয়া শুরু করেন।
