সিটিনিউজবিডি : চট্টগ্রামে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরমান হাজারী (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নগরীর চান্দগাঁও থানার চানমিয়া হাউজিং এলাকায় শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে দীপু ও তুফান নামে আরমানের দুই সহযোগীকে গ্রেফতার এবং দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরমান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে অর্ধশত মামলা এবং ২১টিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, ভোর সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আরমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রায় দুই ঘণ্টা পর তার মৃত্যু হয়। লাশ মর্গে রয়েছে।
সিএমপির চাঁন্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এসএম শহিদুল ইসলাম জানান, নগরীর শমসের পাড়ার চান মিয়া হাউজিং সোসাইটিতে ডাকাতির প্রস্তুতি চলছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আরমান গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দীপু ও তুফান নামে আরমানের দুই সহযোগীকে গ্রেফতার এবং দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরমানের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজির অভিযোগে নগরীর বিভিন্ন থানায় ৫০টি মামলা রয়েছে। এর ২১টিতে তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
