ঈদে মুক্তি পাচ্ছে ‘জান্নাত’

0

বিনোদন জগৎ :: আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নতুন চলচ্চিত্র ‘জান্নাত’। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ঈদে ছবি মুক্তির জন্য গতকাল প্রযোজক সমিতিতে ছবির নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা ছবিটি নিয়ে আগামী ঈদে আসছি দর্শকদের সামনে। ছবি মুক্তি দিতে গেলে প্রযোজক সমিতিতে নাম নিবন্ধন করাতে হয়। সেই হিসেবে গতকাল প্রযোজক সমিতিতে ছবির নাম নিবন্ধন করিয়েছি। এখন আমরা ঈদের সময় ছবিটি মুক্তি দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

মানিক আরো বলেন, ‘আমি প্রতি শুক্রবার সিনেমা হলে গিয়ে ছবি দেখি। বাংলাদেশের ছবি দেখি, কলকাতার ছবি মুক্তি পেলে তাও দেখি। ব্লক ব্লাস্টার বা সিনেপ্লেক্সে গিয়ে আমি সাধারণত ছবি দেখি না। সবসময় সাধারণ হলে গিয়ে ছবি দেখি। বিগত দিনের অভিজ্ঞতায় আমি বিশ্বাস করি, দর্শক এখন ভালো কন্টেন্টের ছবি দেখতে চায়। যেখানে ভালো একটি গল্প ও মেকিং থাকবে। আমি শতভাগ আশাবাদী আমার এই ছবি দর্শক পছন্দ করবেন। কারণ আমার ছবিতে সমসাময়িক একটি বিষয় আছে, সুন্দর একটি গল্প আছে, মেকিংয়ে বর্তমান সময়ের প্রযুক্তির ব্যবহার আছে।’

মানিক জানান তাঁর ছবিটি ‘বিগ বাজেটের’। তিনি বলেন, ‘এখানে গল্পের প্রয়োজনে যে এরেঞ্জমেন্ট করতে হয় আমি ছবিতে তা করেছি। যে ধরনের লোকেশন ডিমান্ড করে, সেই লোকেশনে গিয়ে শুটিং করেছি। আর শিল্পীরা যারা অভিনয় করেছে তারা সবাই পরীক্ষিত শিল্পী। বিগত দিনে দর্শক বিশ্বাস করে আমার ছবি দেখেছেন। আমি এবারও তাঁদের হতাশ করব না।’

সুদীপ্ত সাঈদের গল্প নিয়ে ‘জান্নাত’ ছবির চিত্রনাট্য ও সংলাপ করেছেন আসাদ জামান। সাইমন ও মাহি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।

মোস্তাফিজুর রহমান মানিক এর আগে ‘দুই নয়নের আলো’ ‘মন ছুঁয়েছে মন’ ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’, ‘এমনই তো প্রেম হয়,’ ‘ইটিস পিটিস প্রেম’সহ বেশ কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন।

আসন্ন ঈদে ‘জান্নাত’ ছাড়াও ‘ক্যাপ্টেন খান’ ও ‘বেপরোয়া’ ছবি দুটিও মুক্তি পাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.