আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাজ্য। এতে চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দুই যোদ্ধা নিহত হয়েছে। এরা দুজনই ব্রিটেনের নাগরিক ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্র পরিচালিত ড্রোন হামলায় আরো এক ব্রিটিশ নাগরিক নিহত হয়েছে। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির সংসদে এ তথ্য জানান।
গত ২১ আগস্ট সিরিয়ার রাকা শহরে এ হামলা চালানো হয়েছিল। হামলায় নিহতরা হলেন, কার্ডিফের বাসিন্দা রিয়াদ খান (২১) । গত বছর প্রকাশিত একটি ভিডিওতে রিয়াদ ব্রিটিশ মুসলমানদের আইএসে যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন। দ্বিতীয়জন হলেন রুহুল আমিন। এছাড়া মার্কিন হামলায় নিহত অপর ব্রিটিশ নাগরিক হলেন, অপরজন হলেন জুনায়েদ হোসেন (২১)।
ব্রিটিশ সংসদের অনুমোদন ছাড়াই সিরিয়ায় আইএসে যোগ দেয়া ব্রিটিশ যোদ্ধাদের ওপর হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন ক্যামেরন। সোমবার রাতে হাউজ অব কমন্সে ক্যামরনের কাছে এ বিষয়ে প্রশ্ন করা হয়।
জবাবে ক্যামেরন জানান, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে পরমার্শ করে এ হামলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এছাড়া রাজকীয় বিমান বাহিনী এ হামলার অনুমোদন দিয়েছিল।
ক্যামেরন বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম দায়িত্ব ব্রিটিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এটা আমি সবসময় করব। সন্ত্রাসীরা আমাদের রাস্তায় হত্যার নির্দেশনা দিচ্ছিল এবং তাদের থামানোর কোনো উপায় ছিল না।’
তিনি জানান, দেশ রক্ষার যে সহজাত অধিকার রয়েছে তার ভিত্তিতেই তিনি হামলার অনুমতি দিয়েছেন। আর এ হামলা সিরিয়ায় আইএসের ওপর হামলার মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ নয়।
