আন্তর্জাতিক ডেস্ক: দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সেনা মহড়া শুরু করেছে হাঙ্গেরি। সার্বিয়া সীমান্ত দিয়ে প্রতিদিন শরণার্থীদের প্রবেশ ঠেকাতে সেখানে পুলিশকে সহযোগিতার জন্য সেনাবাহিনী পাঠানোর পরিকল্পনা করছে বুদাপেস্ট। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।
সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও আফ্রিকার কয়েকটি দেশে সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে এসব দেশ থেকে প্রতিদিন অসংখ্য লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশ করছে। এসব শরণার্থীদের অনেকে গ্রিস থেকে মেসিডোনিয়া যাচ্ছে। সেখান থেকে হাঙ্গেরি সীমান্ত পাড়ি দিয়ে অস্ট্রিয়া ও জার্মানিসহ পূর্ব ইউরোপের দেশগুলিতে যাওয়ার চেষ্টা করছে। গত সপ্তাহে ২৬ হাজারেরও বেশি শরণার্থী হাঙ্গেরি সীমান্ত পেরিয়েছে। দেশটির কর্মকর্তাদের ধারণা চলতি মাসের শেষে হাঙ্গেরি সীমান্তে আরো ৪০ হাজার শরণার্থী আসতে পারে ।
সার্বিয়া সীমান্ত দিয়ে শরণার্থীরা যাতে প্রবেশ করতে না পারে সেজন্য ১৭৫ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে হাঙ্গেরি। সীমান্তে কড়াকড়ি আরোপের বিষয়ে আনা একটি বিলে সংসদে চলতি মাসে দেশটির আইনপ্রণেতারা ভোট দিতে যাচ্ছেন।
বুধবার হাঙ্গেরির সেনাবাহিনী ‘চূড়ান্ত অভিযান’ নামে মহড়া শুরু করেছে। দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল তিবর বেঙ্ক বলেন, ‘হাঙ্গেরির সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’
এর আগে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছিলেন, ‘আগামী সপ্তাহগুলিতে প্রত্যেককে অনেক বেশি কাজের জন্য প্রস্তুতি নিতে হবে।’
