কারেন্ট টাইমসঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় পোড়া তেলের একটি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করতে পারেননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আজ বুধবার (১৬ জানুয়ারী) বেলা সোয়া ২টার দিকে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় বিদ্যুৎ অফিসের পাশে ওই ডিপোতে আগুন লাগার খবর পান তারা। এর পাশেই রয়েছে একটি গাড়ির ওয়ার্কশপ। আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের কয়েকটি ছাপড়া ঘরও আগুনে পুড়ে যায়। আমাদের চারটি ইউনিটের ১২টি গাড়ি সেখানে আগুন চেষ্টা করে আগুন নিভিয়েছে। তবে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় ওই ডিপোতে পুরনো জাহাজ ভাঙা শিল্প থেকে পাওয়া তেল মজুদ ও বিক্রি করা হয়। ডিপোটি স্থানীয়ভাবে জয়নালেল কালো তেলের ডিপো নামে পরিচিত।
ডিপোটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় আগুনের কারণে প্রায় আধঘণ্টা এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে কাছের রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
