চাক্তাই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে উপমন্ত্রী মেয়র

0

কারেন্ট টাইমসঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চাক্তাই ভেড়া মার্কেট এলাকা পরিদর্শনে যান।

আজ রবিবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে মেয়র পরিদর্শন গেলে ক্ষতিগ্রস্ত পরিবার পরিজনেরা অঝোর কান্নায় ভেঙ্গে পড়ে। মেয়র তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ধৈর্য্য না হারিয়ে সাহস ও বুদ্ধিমত্তার সাথে বিপদকে মোকাবেলা করতে হবে। তিনি নগরবাসীকে অগ্নিকাণ্ডের মত ঘটনা এড়াতে সাবধানতা অবলম্বন করতে বলেন।

মেয়র ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার একই সময়ে সেখানে উপস্থিত হন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুর, জাহাঙ্গীর আলম ও নগর যুবলীগ নেতা লিটন রায় চৌধুরী প্রমুখ।

মেয়র বলেন, এ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে মারা গেছে ৯ জন। এদের মধ্যে ৭ জন ২ পরিবারের সদস্য। অগ্নিকান্ডে প্রায় দুইশ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র ক্ষতিগ্রস্তদের সহায়তায় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার, ত্রাণ, বস্ত্র বিতরণসহ আপদকালীন সহায়তা দিয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিহতের পরিবার ও ক্ষতিগ্রস্তদেরকে যা যা করার তা করা হবে এবং জেলা প্রশাসনের সাথে আলাপ-আলোচনা করে সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিলেন মেয়র।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.