সিটি নিউজঃ চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সর্বধর্মীয় উপসনালয়ে বুদ্ধমূর্তি প্রতিস্থাপন করার জন্য অদ্য ২৪ জুন, মঙ্গলবার বিকাল ৪ টায় প্রবর্তক মোড়স্থ বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনে বিশিষ্ট ব্যবসায়ী পান্না লাল বড়ুয়া কর্তৃক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনের হাতে থাইল্যান্ড থেকে আনায়নকৃত ৩ ফুট ৫ ইঞ্চি পিতল দিয়ে নির্মিত বুদ্ধমূর্তি হস্তান্তর করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক ও রেজিস্ট্রার খুরশিদুর রহমান, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সংগঠক প্রণব রাজ বড়ুয়া, সূর্য্যসেন বড়ুয়া শঙ্কু, মহানগর যুবলীগ নেতা সনত বড়ুয়া, কাজল প্রিয় বড়ুয়া, বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ছাত্রী অপরূপা বড়ুয়া পান্না প্রমুখ। বুদ্ধ মূর্তি হস্তান্তরের সময় ড. অনুপম সেন বলেন, আমরা আমাদের সন্তানদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বধর্মীয় উপাসনালয় স্থাপন করে বাংলাদেশে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায় যা সর্বজন গ্রহণযোগ্য।
বিশ্বের বিভিন্ন দেশে যে হারে সন্ত্রাস, ধর্মীয় জঙ্গি গোষ্ঠীর উম্মাদনা বেড়ে চলেছে তাতে করে আমাদের এই আয়োজন সর্বধর্মের অনুশ্রিত বাণী মানবতার জয়গানে অনুপ্রাণিত করবে। আমি উপস্থিত বৌদ্ধ নেতৃবৃন্দদের সহযোগিতার জন্য অভিনন্দন জানাই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ উপসনালয়ের জন্য বুদ্ধমূর্তির সাথে প্রদীপদানি, ধুপদানী ও ফুলদানিও হস্তান্তর করা হয়।
