স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। এবার সেই ভদ্রলোকের খেলায় ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। আর ক্রিকেটে এই ঘটনার জন্ম দিলেন বারমুডার শীর্ষ পর্যায়ের একজন ক্রিকেটার জ্যাসন অ্যান্ডারসন।
ক্রিকেট মাঠে স্লেজিং কিংবা হাতাহাতির অনেক সময়ই হয়। তবে, সেগুলো সব সময় সীমার ভেতরেই থাকে। তবে অ্যান্ডারসন যে মারামারির ঘটনাটি ঘটালেন তা ছিল সীমার বাইরে। সীমার বাইরে যাওয়ায় কারনেই তাকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স অব চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের একটি ম্যাচে বারমুডার ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেটরক্ষক ৩৬ বছর বয়সী অ্যান্ডারসনের মধ্যে ঘটে এই ঘটনা। খেলা চলাকালীন সময়ে ব্যাটসম্যান জর্জ ব্রাইনের সঙ্গে প্রথমে কথার লড়াই চলে। এরপর অ্যান্ডারসনে সরাসরি ব্রাইনকে আঘাত করেন। তাতে প্রথমে ব্রাইন পাল্টা আক্রমণ না করলেও পরে রাগ সামলাতে না পেরে নিজের ব্যাট চালান অ্যান্ডারসনকে লক্ষ্য করে। এ সময় মাঠের দায়িত্বে থাকা আম্পায়ার এবং মাঠ কর্তৃপক্ষ তাদের দুই জনকে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তাতেও অ্যান্ডারসন না থেমে উল্টো ব্রাইনের দিকে তেড়ে গিয়ে মাঠেই ধস্তাধস্তি শুরু করে দেন।
এ ঘটনার বারমুডার ক্লিভেল্যান্ড কাউন্টি ক্রিকেট ক্লাবের ক্রিকেটার অ্যান্ডারসনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে। একই সাথে আজীবন নিষিদ্ধ করেছে বারমুডা ক্রিকেট বোর্ডও।
এক বিবৃতিতে বোর্ড থেকে জানায়, অ্যান্ডারসন কোড অব কন্ডাক্টের লেভেল ৪ এর ২.৪.২ নিয়ম ভঙ্গ করেছেন। প্রতিপক্ষের ক্রিকেটারকে শারীরিক ভাবে আঘাত করেছেন তিনি। ফলে, ক্রিকেট থেকে তাকে আজীবন নিষিদ্ধ করা হলো।
ব্যাট দিয়ে আঘাত করার চেষ্টা করায় ব্রাইনকেও পরের মৌসুমে নিষিদ্ধ করা হয়েছে। তিনি ক্রিকেটের কোড অব কন্ডাক্টের লেভেল তিন অমান্য করেছেন।
