গুজুবে কান না দিয়ে ৯৯৯ কল করার অনুরোধ সিএমপির
সিটি নিউজঃ গুজুবে কান না দিয়ে ৯৯৯ কল করার অনুরোধ জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ বলেছেন, যারা ছেলেধরা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ ছাড় পাবে না।
তিনি বলেন, যারা ছেলেধরা গুজব ছড়াবে এবং সেই গুজবে বিশ্বাস করে কেউ যদি কোনো ব্যক্তিকে আহত করে আইন হাতে তুলে নেয় তাহলে তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হবে। এ ঘটনায় আহত ব্যক্তি মারা গেলে হত্যা মামলায় অভিযুক্ত হবে।
আজ বুধবার (২৪ জুলাই) দুপরে দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে একটি চক্র পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত প্রয়োজন এমন গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। ছেলেধরা গুজবে ঘটনায় আহত ব্যক্তিরা কেউ এরকম অপরাধের সঙ্গে জড়িত নয় বলে দেখা গেছে। ছেলেধরা গুজব ছড়িয়ে বাবাকে ছেলের সামনে মেরে আহত করেছে।
তিনি বলেন, গুজবের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে সিএমপি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে। পুলিশের টহল বাড়ানো হয়েছে। চট্টগ্রাম নগরের দুইটি ঘটনায় একজন নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। দুইটি ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
গত কয়েকদিনে দেশের সর্বত্র একটি ভয়ঙ্কর মিথ্যা গুজব অত্যন্ত সুকৌশলে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পদ্মা সেতুর কাজ করতে “মানুষের মাথা ও রক্ত প্রয়োজন” এমন অদ্ভুত কথা
কোন স্বাভাবিক বুদ্ধির মানুষ এক মুহুর্তের জন্য বিশ্বাস করতে পারে না। তবু গত কয়েক দিনের ঘটনাপ্রবাহে এটা সুস্পষ্ট যে, একটি অশুভ চক্র দেশের স্থিতিশীলতা ধ্বংস করার জন্য এমন একটি গুজব ছড়াতে তৎপর। স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নের এক নতুন মাইলফলক। আধুনিক প্রযুক্তির এক বিস্ময় এই পদ্মা সেতু প্রকল্প। এমন একটি আধুনিক প্রযুক্তির কর্মকান্ডের সাথে মধ্যযুগীয় কুসংস্কারমিশ্রিত এক মিথ্যা গুজব ছড়িয়ে বাংলাদেশের এই অর্জনকে কলঙ্কিত করতে কোন একটি শক্তি কাজ করছে।
ছেলেধরা বা বাচ্চা চুরির গুজবে যে সকল ঘটনায় অনেক ব্যক্তি আহত বা নিহত হয়েছেন তাদের এরূপ কোন অপরাধের সাথে জড়িত মর্মে প্রমান পাওয়া যায়নি। আহত ও নিহত সকলেই নিরীহ মানুষ। গুজবের দ্বারা প্রভাবিত হয়ে বাচ্চা চুরির অলীক অভিযোগে গনপিটুনির শিকার যে কেউ হতে পারে।
এমন একাধিক ঘটনা ঘটেছে যেখানে বাবা’কে ছেলে চুরির কারণে গনপিটুনিতে হতাহত করা হয়েছে। আপনি বা আপনার কোন প্রিয়জন এরুপ কোন ভয়ঙ্কর পরিণতির শিকার হতে পারেন।
চট্টগ্রাম মহানগরীতে এরুপ ২টি ঘটনা ঘটেছে, ১জন পুরুষ এবং ১জন নারী আহত হয়েছেন। উভয় ঘটনায় নিয়মিত
মামলা রুজু হয়েছে এবং মোট ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমি আপনাদের মাধ্যমে সকল নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি, এই মিথ্যা অদ্ভুত গুজবে বিশ্বাস করে এবং বিভ্রান্ত
হয়ে কেউ যদি কোন ব্যক্তিকে আহত করেন আপনার বিরুদ্ধে মামলা হবে। যদি কেউ নিহত হন তবে আপনি হত্যা মামলার
দায়ে অভিযুক্ত হবেন।
তিনি বলেন, পদ্মা সেতুর নামে মিথ্যা গুজব প্রতিহত করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। কোথাও যদি কারো আচরণ
সন্দেহজনক মনে হয়, তৎক্ষনাৎ পুলিশকে জানান। পুলিশ অফিসারদের মোবাইল নম্বর ও থানার ওসিদের মোবাইল নম্বর
সকলকে দেওয়া আছে। এছাড়া অতি সহজে ৯৯৯ এ ফোন করতে পারেন অথবা সিএমপি কন্ট্রোলরুম ০৩১-৬৩০৩৭৪ ও
০১৬৭৯-১২৩৪৫৬-এ ফোন করতে পারেন। পুলিশ তৎক্ষনাৎ ব্যবস্থা নিবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিলে আপনি
নিজে দোষী হবেন, মামলার আসামী হবেন।
সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এমএম মেহেদী হাসান, উপ-কমিশনার (বন্দর) হামিদুল আলম, উপ-কমিশনার (সিটি এসবি) আবদুল ওয়ারিশ, উপ-কমিশনার (ডিবি-উত্তর) মিজানুর রহমান, উপ-কমিশনার (ডিবি-বন্দর) এসএম মোস্তাইন হোসেনসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
