কল্যাণরাষ্ট্র গঠনে প্রয়োজন সাংস্কৃতিক বিকাশঃ রিয়াজ হায়দার
সিটি নিউজঃ সাংস্কৃতিক মুক্তির জন্য প্রকৃত রাজনৈতিক ও প্রশাসনিক প্রণোদনা প্রয়োজন উল্লেখ করে বিশিষ্ট পেশাজীবী নাগরিক সংগঠক, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেছেন, বাংলাদেশকে উন্নত কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়তে উন্নয়নের পাশাপাশি প্রয়োজন সাংস্কৃতিক বিকাশ। মানসচক্ষুর দিগন্ত বিস্তৃত আলোর বিকিরণই পারে এই সাংস্কৃতিক বিকাশ। এজন্য প্রয়োজন পর্যাপ্ত প্রণোদনা।
চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি) হলে বেতার, টেলিভিশন ও মঞ্চের জনপ্রিয় শিল্পী আকলিমা মুক্তার “জোছনা” শিরোনামে গানের এ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিক নেতা ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী একথাগুলো বলেন।
রবিবার রাতে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন দেশ বরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী ইথুন বাবু।
অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সুরকার ও সঙ্গীত পরিচালক ফরিদ বঙ্গবাসী, গীতিকার ফারুক হাসান, শিল্পী মুন্না ফারুক, গীতিকার মোস্তফা নুর, শিল্পী দিদারুল ইসলাম, গীতিকার মোঃ ওবায়দুল্লাহ, গীতিকার মাহবুবুল আলম বাবলু, কণ্ঠশিল্পী রুপা রোজারীন। শুভেচ্ছা বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আঁখি মজুমদার।
অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি’র সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী আরো বলেন, ইথুন বাবু অত্যন্ত বড় মাপের একজন সঙ্গীত পরিচালক । তাঁর হাত ধরে বাংলাদেশের অনেক শিল্পী প্রতিষ্ঠা পেয়েছেন। এঁদের মধ্যে চট্টগ্রামের শিল্পীও রয়েছেন অনেক। আজ তাঁর হাত ধরে আকলিমা মুক্তার নতুন পথ চলা শুরু। তাঁর মতো সঙ্গীত পরিচালকের চট্টগ্রামের শিল্পীদের জন্য কাজ করা অত্যন্ত আনন্দের এবং চট্টগ্রামকে ভালোবাসার বহিঃপ্রকাশ।
প্রধান অতিথি কন্ঠশিল্পী রবি চৌধুরী বলেন, আকলিমা মুক্তা চট্টগ্রামের মেয়ে। আমি তার সাথে অনেকবার বিভিন্ন মঞ্চে গান করেছি। সুযোগ পেলে আরো গাইবো। ইথুন বাবুর সুর ও সঙ্গীতে তার গানে আমি অভিভূত। আমি নিজেও তার জন্যে গান তৈরি করার ইচ্ছে পোষণ করছি।
অনুষ্ঠানের সভাপতি সঙ্গীত পরিচালক ইথুন বাবু বলেন, চট্টগ্রামের আরেক সন্তান জনপ্রিয় শিল্পী আতিক হাসান আমার ‘মাধবী’ এলবামের মাধ্যমে আজ সুপরিচিত। আতিক হাসানের জনপ্রিয়তার মধ্যদিয়েই চট্টগ্রামের প্রতি আমার ভালবাসার জন্ম। আমি আকলিমা মুক্তার জন্যে যে গান করেছি, তা নিঃসন্দেহে শ্রোতাদের মন জয় করবে। আমি চট্টগ্রামের প্রতিভাবান শিল্পীদের জন্যে নিয়মিত গান করতে চাই।
অনুষ্ঠানের মধ্যমণি আকলিমা মুক্তা বলেন, আমি ইথুন বাবু ভাইয়ের মত সঙ্গীত পরিচালকের গান করতে পেরে আনন্দিত। আমার বিশ্বাস আমার গান সবার ভাল লাগবে।
অনূষ্ঠানে ভিডিও এ্যালবামের ২টি গান পরিবেশন করা হয়। এর আগে ফিতা কেটে এ্যালবামের মোড়ক উন্মোচন করেন উদ্বোধক রিয়াজ হায়দার চৌধুরী, প্রধান অতিথি শিল্পী রবি চৌধুরীসহ অতিথিগণ।

যাবতীয় সংকটের মাঝে কঠিনতম সংকট হলো মনোজগতের সংকট।। এই সংকট উত্তরণের জন্যে মনের ভেতরে অন্ধকারের জমাট বাঁধতে দেয়া যাবেনা। আর তার জন্যে প্রয়োজন সভ্যতার বিকাশ সাধন। সভ্যতার বিকাশ সাধনের জন্যে যে কাজটি করে যেতে হয় তা হলো জ্ঞান সাধনা। জ্ঞান সাধনা কখনো ফলপ্রসু হয়না যতক্ষণ না জ্ঞান সাধনার কার্যক্রমটি সেই সমাজের অনুচক্রিকাকে বিষমুক্ত করণের প্রক্রিয়ায় যুক্ত না হয়ে কেবলমাত্র ব্যক্তির রুটি-রুজির উপলক্ষ্য হিসেবে ব্যবহার হয়। যে দৃষ্টিভঙ্গি বা আদর্শকে লালন করে সমাজ সংস্কার চলতে থাকে সে আদর্শকে সবচেয়ে সহজবোধ্যতায় মানুষের মন-মগজে ছড়িয়ে দিয়ে সেই জনপদের মানুষদের নিজেদের করে এবং মানুষদের চিন্তা-ভাবনা এবং চেতনার ঐক্য স্থাপন করে সংস্কৃতি। ফলে শুদ্ধ সংস্কৃতির বিকাশ সাধনের সাথে সমাজের মৌলিক সংস্কার কর্মসূচী জড়িয়ে আছে।