‘প্রবেশপথগুলো ভাল হলে মানুষের দুর্ভোগ আরও কমতো’

0

সিটিনিউজবিডি : সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অবিরাম বৃষ্টিপাতের মধ্যে মহাসড়কে যে যানজট হওয়ার কথা সেটা হয়নি, কিন্তু ঢাকার প্রবেশপথগুলোর ব্যবস্থাপনা আরেকটু ভাল হলে মানুষের দুর্ভোগ আরও কমতো।’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘ঈদযাত্রায় পুরো ব্যবস্থাপনায় পুরোপুরি সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই’ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘অবিরাম বৃষ্টিপাতের কারণে আমাদের অনেক প্রস্তুতিতেই বিঘ্ন ঘটিয়েছে। মহাসড়কের রাস্তাগুলো খুব ভাল না হলেও সহনীয়। তবে প্রবেশপথগুলোর ব্যবস্থাপনাটা আরেকটু ভাল হতে পারত।’

সবকটি প্রবেশপথের মধ্যে সায়েদাবাদেই রাস্তার অবস্থা খারাপ দাবি করে তিনি বলেন, ‘সিটির রাস্তাগুলো আমার দায়িত্ব না, মেয়রের। নবনির্বাচিত মেয়রকে আমি বলেছি, কিন্তু মেয়র আর্থিক সংকটের কথা বলেছেন। তারপরেও আমি অন্তত বড় গর্তগুলোকে ভরাট করে কিছুটা সহনীয় করার কথা বলেছি।’

পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা লিখেন, মন্ত্রী দাবি করেছেন কোথাও বাড়তি ভাড়া আদায় হচ্ছে না। এখানে আমার দাবি করার কী আছে? আপনাদের সামনেই আমি যাত্রীদের সঙ্গে কথা বলেছি। কেউ বাড়তি ভাড়ার বিষয়ে আমার কাছে অভিযোগ করেনি। নির্দিষ্ট করে আমাকে কেউ বললে আমি অবশ্যই ব্যবস্থা নিব।’

তিনি সাংবাদিকদের উদ্দেশে আরও বলেন, ‘কোথাও ধীর গতিতে গাড়ি চললো, আপনারা স্ক্রল দিলেন। কিন্তু ১০ মিনিট পর যানচলাচল স্বাভাবিক হলেও আপনারা স্ক্রলটা আর নামান না। এখানে আপনাদের আরেকটু সতর্ক হওয়া উচিত।’

সর্বোপরি ঈদযাত্রায় মানুষের দুর্ভোগটা আরও সহনীয় করা যেত কিন্তু করা যায়নি বলে স্বীকার করেন ওবায়দুল কাদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.