সিটিনিউজবিডি : চার সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে চট্রগ্রামের মুরাদপুর-অক্সিজেন সড়ক অবরোধ করেছে আমীন জুট মিলের শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরে বকেয়া বেতন আদায়ের আশ্বাস পেয়ে সড়ক অবরোধ তুলে নেয় শ্রমিকরা। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানে মহাব্যবস্থাপক জোসনা আফরোজ।
শিল্প পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আরিফুর রহমান আরিফ বলেন, চার সপ্তাহের বকেয়া বেতনের দাবিতে কারখানায় বিক্ষোভ শুরু করে শ্রমিক-কর্মচারীরা।
পরে শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসলে বুধবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেন জিএম। এরপর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।
জিএম জোসনা আফরোজ বলেন, বকেয়া বেতন দিতে কিছুটা দেরি হচ্ছিল। শ্রমিকরা মনে করছে আজ টাকা পাবে না। তাই বিক্ষোভ করার চেষ্টা করেছিল। পরে বিষয়টি বুঝিয়ে বললে তারা চলে যায়।
