সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। সেখানে তিনি দেশের মানুষ যাতে বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সেলক্ষে টেকসই উন্নয়ন নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কারো কাছে ভিক্ষা চায় না। সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ তার ভাগ্যের পরিবর্তন করবে। তিনি বলেন, বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশের যে কোন পরিস্থিতি মোকাবেলা এবং যে কোন লক্ষ্য অর্জনের আত্মবিশ্বাস রয়েছে। খবর বিবিসির।
প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে বুধবার আটদিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্র এসে পৌঁছেছেন এবং এই প্রথম দেশের বাইরে ঈদ উদযাপন করছেন।
ঈদুল আজহা উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন প্রধানমন্ত্রীর সম্মানে লা গার্ডিয়া ম্যারিয়ট মিশন হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
এর আগে দিনের শুরুতে শেখ হাসিনা হোটেল ওয়ালড্রফ অ্যাস্টোরিয়াতে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নিউইয়র্কে প্রধানমন্ত্রী এই হোটেলটিতেই অবস্থান করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে তার এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তিনি বলেন, বিপুল ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জনকারী এই দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কেউই দমিয়ে রাখতে পারবে না।
শেখ হাসিনা বলেন, অতীতে বাংলাদেশ বহু দুর্যোগ ও বিপদ মোকাবেলা করেছে। এইসব প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ দেশবাসীকে এর ভবিষ্যত নিয়ে সঙ্কিত করে তুলেছিল। তবে শেষ পর্যন্ত অপশক্তি পরাজিত হয়েছে এবং সংকট সৃষ্টিকারীরা দেশের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছে।
