সিটিনিউজবিডি : ইলিশের প্রজনন মৌসুমে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও এ সময় ইলিশ কেনা-বেচা, সংরক্ষণ, পরিবহন ও বাজারজতকরণের প্রতিও নিষেধাজ্ঞা থাকবে।
নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে ভোলার সকল মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঈদুল আজহার ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা প্রতীষ কুমার মল্লিক।
তিনি জানান, আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় মা ইলিশ ডিম ছাড়ে। তাই পূর্ণিমাসহ মোট ১৫ দিনকে ইলিশের ভরা প্রজনন হিসেবে ধরা হয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে নিষেধাজ্ঞার সময় জেলেদের সরকারিভাবে সাহায্য সহযোগিতার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, নিষেধজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পুলিশ ও কোস্টগার্ড ইলিশ সংরক্ষণের অভিযানে অংশ নেবে। আইন অমানকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বেশ কয়েকটি বরফকলের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
