সিটি নিউজঃ বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের দ্বিতীয় জানাজা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৯ নভেম্বর) বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা ও সাংসদ আলহাজ্ব মঈন উদ্দিন খান বাদলের জানাযায় ইমামতি করেন আওলাদে রাসুল (সাঃ) সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) এর বড় শাহাজাদা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ)।
জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মসজিদের ভেতরে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে জানাজা পড়ানো শুরু করেন ইমাম। মসজিদের দ্বিতীয় ও নিচতলায় কানায় কানায় পরিপূর্ণ ছিল মানুষ।

জানাজায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতা, জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন প্রমুখ অংশ নেন।
নগরে জানাজা শেষে বাদলের মরদেহ নিজ এলাকা বোয়ালখালী নিয়ে যাওয়া হয়। রাত ৮টায় বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ময়দানে তৃতীয় জানাজা এবং রাত ৯টায় নিজ গ্রামে চতুর্থ জানাজা শেষে বাবা-মায়ের পাশে দাফন করা হবে তাকে।
