সিটিনিউজবিডি : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৬৯তম জন্মদিন আজ। বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছার প্রথম সন্তান তিনি। ১৯৪৭ সালের এদিনে গোপালগঞ্জের মধুমতি নদী তীরের প্রত্যন্ত পাড়াগাঁ টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।
তার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। শেখ হাসিনা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন। গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ৮ দিনের সরকারি সফরে তিনি নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
জাতিসংঘের এই অধিবেশনে শেখ হাসিনা দুটি পুরষ্কারে ভূষিত হন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা এবং বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যুগান্তকারী উদ্যোগের জন্য আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার।
