চট্টগ্রামে জাপার সাংবাদিক সম্মেলনে সোলেমান শেঠকে বহিস্কার দাবী
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নয় সদস্যের কথিত কমিটি বাতিলের দাবী জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিয়া। একই সাথে তিনি অবিলম্বে সাংগঠনিক কর্মকা-হীন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির নামে কথিত গরু কমিটি বাতিল করা, চট্টগ্রামের মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্ত্তীর অব্যাহতি আদেশ অবিলম্বে প্রত্যাহার করা, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরীর নির্বাচিত কমিটি বহাল রেখে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক নিয়মে নতুন কমিটি নির্বাচিত করা ও অবিলম্বে জাতীয় পার্টিকে দুর্বৃত্তায়ন মুক্ত করতে চট্টগ্রামে জাপার কলঙ্ক অবাঙ্গালি সোলায়মান শেঠকে বহিস্কার করার দাবী জানান।
অন্যথায় আজ ২৬ নভেম্বর ২০১৯ হতে চট্টগ্রামে জাতীয় পার্টিার কেন্দ্রীয় কোনো নেতাকে চট্টগ্রামে আসতে দেয়া হবে না বলে হুশিযারি দিয়ে বলেন, চট্টগ্রামের নেতা হলেও সাংগঠনিকভাবে কোনো নেতাকে আসতে দেয়া হবে না। গরু কমিটির সভাপতি দাবীকারী এক সময়ের প্রমোদ বালক সমাজ বিরোধী অবাঙ্গালি সোলায়মানকে অবাঞ্চিত ঘোষণা করেন। তাকে যেখানে পাওয়া যাবে, সেখানেই রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য জাতীয় পার্টি পরিবারের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান আলহাজ্ব আবদদুল্লাহ মিয়া।
উপরোক্ত দাবীতে আন্দোলনের কর্মসূচীও ঘোষনা করেন তিনি। কর্মসূচীর মধ্যে রয়েছে, আগামী ২৯ নভেম্বর প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল, ৬ ডিসেম্বর সংবিধান সংরক্ষণ দিবস পালনে আলোচনা সভা, ১০ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ/বিক্ষোভ সমাবেশ ও বিকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বরে জানান তিনি।
আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান চট্টগ্রাম নগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ মিয়া ।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতির অবিচ্ছেদ্য শক্তি গণমানুষের প্রাণপ্রিয় সংগঠন জাতীয় পার্টি, জনগণের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসের প্রতীক, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এর হাতে গড়া সংগঠন জাতীয় পার্টিকে বিতর্কিত করতে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তিনি বলেন, জাতীয় পার্টির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলনের পূর্বে জেলা সম্মেলন সমাপ্ত করার ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলন ২০১৯ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্ধারিত ও নিদের্শক্রমে আগামী ৩০ নভেম্বর শনিবার অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। অনুষ্ঠিতব্য সম্মেলনের স্থান- চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তন ভাড়া করাসহ সম্মেলনের পোস্টার, ব্যানার, আমন্ত্রণপত্র যথাযথ প্রশাসনের অনুমতি তথা যাবতীয় প্রস্তুতির শেষ মুহুর্তে চট্টগ্রামের জাতীয় যুব সংহতির নেতাকর্মী তথা জাতীয় পার্টি পরিবার অত্যন্ত আশাহত চিত্তে, অবাক বিস্ময়ে জানলাম ও দেখলাম- রাজনীতির মাঠে ব্যর্থ রাজনীতির পৃষ্ঠপোষকতা দৃশ্যপটে অনুপস্থিত চরিত্রের হঠাৎ উপস্থিতি।
তিনি বলেন, নেতাকর্মী সাংগঠনিক কর্মকা- আর সংগঠনের পরিধিতে যাদের বিচরণ, তাদের পরিবর্তে চট্টগ্রাম নগর জাতীয় পার্টির কথিত গরু কমিটির অবাঙ্গালি সভাপতি নামধারী ভূমিদস্যুখ্যাত সোলায়মান শেঠ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্রকারীদের মাধ্যমে চট্টগ্রাম মহানগর জাতীয় যুব সংহতির ৩০ নভেম্বরের অনুষ্ঠিতব্য সম্মেলন স্থগিত করে গত ২৫ নভেম্বর জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে পাশ কাটিয়ে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা বলে একটি প্যারালাল কমিটি অনুমোদন করিয়ে নেন। কথিত কমিটির আহ্বায়ক/সদস্য সচিব দু’জনই সোলায়মানের নিজস্ব অফিস ও বাসার বেতনধারী কর্মচারী। যা গণতান্ত্রিক সাংগঠনিক রাজনীতির ইতিহাসে লজ্জাজনক অবিশ্বাস্য অত্যন্ত নীতিহীন ঘৃণ্য উদাহরণ।
তিনি বলেন, দুঃখজনকভাবে বলতে দ্বিধা নেই, বিগত ২০১৮ সালের পবিত্র ঈদ-উল-আযাহার সময় জাতীয় পার্টির তিনজন কেন্দ্রীয় নেতাকে একটি করে কোরবানীর গরু উপহার দিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি ভূয়া কমিটি গোপনে করিয়ে অবাঙ্গালি সোলায়মান শেঠ এতে সভাপতি হন। যা গরু কমিটি হিসেবে সর্বাধিক পরিচিতি পেয়েছে। এই গরু কমিটির পাঁচজনই বর্তমানে সোলায়মানের সাথে নেই। শুধু তাই নয়, কথিত গরু কমিটির সাথে জাতীয় পার্টি তথা কোনো অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের কোনো প্রকার রাজনৈতিক, সাংগঠনিক বিন্দুমাত্র সম্পর্কও নেই। জাতীয় পার্টির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সফল রাষ্ট্রনায়ক সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অসুস্থ অবস্থায় দোয়া মাহফিল ১৪ জুলাই মৃত্যুর পরে চট্টগ্রামে মরহুম চেয়ারম্যানের গায়েবানা জানাজা চেহলাম অনুষ্ঠান করতে কথিত গরু কমিটি ব্যর্থ হন।
অন্যদিকে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পৃথক পৃথক একাধিক দোয়া মাহফিল নগরীর জমিয়তুল ফালাহ্ মসজিদে জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে জাপা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী’র নেতৃত্বে দোয়া মাহফিল এবং লালদিঘী মাঠে মরহুম সাবেক রাষ্ট্রপতির গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে জাপা ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে বিশাল চেহলাম হয়। উক্ত চেহলামে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম. রশীদ চৌধুরী এম.পি প্রধান অতিথি ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যা আপনারা অবগত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ মিয়া, সহ-সভাপতি মো: ওসমান খান, কামাল উদ্দিন আহমদ, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ছিদ্দিকী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. সাইফুল্লাহ সাইফু, সাধারণ সম্পাদক অধ্যাপক এ.কে.এম আবুল বশর সুজন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু, চট্টগ্রাম নগর জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন বড়ুয়া, জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির সদস্য সচিব জামাল উদ্দিন কান্টু, যুবনেতা মো: সেলিম, সালেহ্ আহমদ ভূঁইয়া প্রমুখ।
