সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। চসিক মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করছেন জানিয়ে মেয়র বলেন, এ পর্যন্ত ৭৬৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সিটি কর্পোরেশন সম্মাননা জানিয়ে সংবর্ধনা দিয়েছে। পর্যায়ক্রমে সব মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হবে।
গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি মেয়র ১৭৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে। মেয়র নাছির উদ্দিন দায়িত্ব গ্রহনের পর গত ২০১৫ সালে প্রথম সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১৫ সালে ১২০ জন মুক্তিযোদ্ধা, ২০১৬ সালে ১৫০ জন, ২০১৭ সালে ১৫০ জন, ২০১৮ সালে ১৭০ জন এবং চলতি বছর ১৭৫ জন মুক্তিযোদ্ধার প্রত্যেককে ১০ হাজার টাজা করে সম্মানি প্রদান করা হয়। চসিক মুক্তিযোদ্ধাদের জন্য ২৬-২৮ লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করে দিচ্ছে। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আবদুস সালামের হাতে তুলে দেওয়া হয় বাড়ির চাবি ।
অনুষ্ঠানে মেয়র বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করছি আমরা। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা আছে। সেই দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধা সংবর্ধনার পরিসর ও পরিধি অনেক বিস্তৃত করেছি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার (ভারপ্রাপ্ত) শুভাশীষ সিনহা বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। গর্বের মাস। এ মাসে ভারত ও মুক্তিযোদ্ধাদের প্রচেষ্টায় এ দেশকে স্বাধীনতা এনে দেওয়া হয়েছিল। পাক হানাদার মুক্ত করা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সেক্রিফাইস বলে শেষ করার মতো নয়। মুক্তিযোদ্ধারা ভিসার জন্য এলে আমি স্পেশালভাবে টেক কেয়ার করি। আমি হাই কমিশনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি দিয়ে থাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাশিয়ার অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান ও নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ বিভাগের আরও খবর
